শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজ সামনে রেখে জাতীয় দলের অনুশীলন ক্যাম্পে যোগ দিয়েছেন সাকিব আল হাসান ও মোস্তাফিজুর রহমান। মঙ্গলবার মিরপুর শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে অনুশীলন করেন দুজন।
আইপিএল স্থগিতের পর দেশে ফিরে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইনে ছিলেন সাকিব ও মোস্তাফিজ। এমনিতে প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টাইন ১৪দিনের হলেও সাকিব ও মোস্তাফিজ ১২ দিন পরই মুক্তি পেয়েছেন।
স্বাস্থ্য মন্ত্রণালয়ে বিসিবির আবেদনের প্রেক্ষিতে দুই দিন ছাড় পেয়েছেন তারা। বিসিবি সূত্র জানায় সোমবারই কোয়ারেন্টাইন শেষ হয়েছে সাকিব ও ফিজের, ‘তাদের কোয়ারেন্টিন পর্ব শেষ। বিসিবিই কোয়ারেন্টাইনের মেয়াদ কমানোর জন্য আবেদন করেছিল। তারা এখন থেকেই অনুশীলনে থাকতে পারবেন।’
ঈদের ছুটির পর জাতীয় দলের অনুশীলনের প্রথম দিন থেকেই সতীর্থদের সঙ্গে যোগ দিতে পারলেন দুজন।
বাংলাদেশ-শ্রীলঙ্কা প্রথম ওয়ানডে মাঠে গড়াবে ২৩ মে। পরের দুই ম্যাচ ২৫ ও ২৮ মে। দিবারাত্রির তিনটি ম্যাচই হবে মিরপুর শেরে বাংলা জাতীয় স্টেডিয়ামে। সিরিজটি আইসিসি ওয়ানডে সুপার লিগের অংশ।
