রায়পুরায় ২৪ ঘণ্টায় গুলি ও টেঁটায় নিহত তিন

আপডেট : ১৮ মে ২০২১, ১১:৪৩ পিএম

নরসিংদীর রায়পুরায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দু’দলের থেমে থেমে সংঘর্ষে শফিকুল ইসলাম (২৫) নামে আরো এক যুবকের মৃত্যু হয়েছে। এ নিয়ে গত ২৪ ঘণ্টায় সংঘর্ষে তিনজনের মৃত্যু হয়। মঙ্গলবার ভোরে ও বিকেলে উপজেলার পাড়াতলী ইউনিয়নের কাচারিকান্দি গ্রামে এ ঘটনা ঘটে।

এর আগে সোমবার সন্ধ্যায় সংঘর্ষের সময় ইয়াছিন মিয়া নামে (১৩) আরেক শিশুর মৃত্যু হয়।

রায়পুরা উপজেলার কাচারিকান্দি গ্রামের মেম্বার শাহ আলম ও সাবেক মেম্বার ফজলু সমর্থিতদের মধ্যে এ সংঘর্ষ ও হতাহতের ঘটনা ঘটে। এতে তিনজন গুলিবিদ্ধসহ আহত হয়েছে অন্তত ২০ জন। গুলিবিদ্ধ তিনজন হলেন রুবেল, বাহক ও সাগর। তাদের বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে।

নিহতরা হলেন কাচারিকান্দি গ্রামের আশরাফ উদ্দিনের ছেলে শহিদ মিয়া, হবি মিয়ার ছেলে ইয়াছিন মিয়া নামে (১৩) ও নুরু মিয়ার ছেলে শফিকুল ইসলাম ।

পুলিশ ও স্থানীয়রা জানায়, এলাকার আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে  উপজেলার চরাঞ্চল পাড়াতলী ইউনিয়নের কাচারিকান্দী গ্রামের শাহ আলম মেম্বার ও সাবেক মেম্বার ফজলু সমর্থিতদের মধ্যে দীর্ঘদিন ধরে বিরোধ চলে আসছিল। এর জের ধরে সোমবার সন্ধ্যায় দু’দল সংঘর্ষে জড়িয়ে পরে। এসময় উভয় পক্ষে পাল্টাপাল্টি ধাওয়াসহ গুলির ঘটনা ঘটে। এতে প্রতিপক্ষের ছোড়া গুলি ইয়াছিনের বুকে বিদ্ধ হয়। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে রায়পুরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে তাকে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। আহত হন কমপক্ষে আরো ২০ জন।

পরে রাতে থেমে থেমে দু’পক্ষে সংঘর্ষ চলতে থাকে। মঙ্গলবার ভোরে প্রতিপক্ষের ছোড়া টেঁটা বিদ্ধ হয়ে মারা যান শহিদ মিয়া নামে আরেক যুবক।

আবার মঙ্গলবার বিকেলে দুপক্ষে সংঘর্ষ শুরু হয়। সংঘর্ষে শফিকুল ইসলাম নামে এক যুবক গুরুতর আহত হন। পরে তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পথে মৃত্যু হয়।

নরসিংদীর সহকারী পুলিশ সুপার (রায়পুরা সার্কেল) সত্যজিৎ কুমার ঘোষ বলেন, সংঘর্ষে ঘটনায় এ পর্যন্ত তিনজন নিহত হয়েছেন। মরদেহগুলো উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন  তরা হয়েছে। বর্তমানে পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে। এ পর্যন্ত চারজনকে আটক করা হয়েছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত