গাজীপুর মহানগরীর টঙ্গীতে ফারজানা আক্তার মিম (৯) নামে গৃহকর্মীকে নির্যাতনের অভিযোগে স্বামী ও স্ত্রীকে গ্রেপ্তার করা হয়েছে। গতকাল মঙ্গলবার দুপুরে টঙ্গী মিলগেট এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করে টঙ্গী পশ্চিম থানার পুলিশ।
গ্রেপ্তার দেলোয়ার (৪০) ও জেসমিন (৩৫) মিলগেট এলাকায় আবু শাকেরের বাড়িতে ভাড়া থেকে ট্রান্সপোর্টের ব্যবসা করতেন।
নির্যাতিত মিম নোয়াখালীর সোনাইমুড়ির রাজারামপুরের মো. আনিসুর রহমানের মেয়ে। আনিসুর রহমান বলেন, ‘আমার স্ত্রী মানসিক ভারসাম্যহীন, মেয়ের দেখভালে অক্ষম। এর ওপর পরিবারে আর্থিক অসচ্ছলতার কারণে দেড় বছর আগে দূরসম্পর্কের এক আত্মীয়ের মাধ্যমে দেলোয়ারের বাসায় ভরণপোষণ ও লেখাপড়ার প্রতিশ্রুতিতে মেয়েকে পাঠাই। তারা আমার মেয়েকে দিয়ে বাসার সব কাজ করাত। না পারলে মারধর করত।’
তিনি বলেন, ‘নির্যাতনে আমার মেয়ের মাথা ফেটে গেছে। তার দাঁত ও পাঁজরের হাড় ভেঙে দেওয়া হয়েছে। নির্যাতনে মেয়ের অবস্থা খারাপ হলে মাইক্রোবাস ভাড়া করে তাকে আমার গ্রামের বাড়ির পাশে রেখে যাওয়া হয়। আমি এ ঘটনার বিচার চাই।’
টঙ্গী পশ্চিম থানার এসআই উত্তম কুমার সূত্রধর জানান, বাদীর লিখিত অভিযোগ পেয়ে ভুক্তভোগীকে সঙ্গে নিয়ে টঙ্গী মিলগেট এলাকায় অভিযান চালিয়ে দেলোয়ার ও তার স্ত্রীকে গ্রেপ্তার করা হয়। শিশুকে ভিকটিম সাপোর্ট সেন্টারে পাঠানো হয়েছে। তার শরীরে বিভিন্ন স্থানে নির্যাতনের চিহ্ন রয়েছে বলে জানান তিনি।
