আইপিএল খেলতে ভারতে যাওয়া এবং সেখান থেকে ফিরে এসে পর্যাপ্ত অনুশীলন করতে না পারায় হতাশা প্রকাশ করেছেন মোস্তাফিজুর রহমান।
বুধবার অনুশীলন সেরে গণমাধ্যমকে বলেন, ‘আইপিএলে থাকাকালীন আর আমাদের দেশে রুম কোয়ারেন্টাইন দিয়ে প্রায় ২৫ দিনে একটা অনুশীলন (সেশন) আর একটা ম্যাচ খেলেছি। এখন জানি না (এইটুকুতে কী হবে), আমি আর সাকিব ভাই দুজনেই ওরকম ছিলাম। কালকে তো অনুশীলন করতে পারি নাই (বৃষ্টির কারণে), আজকে করলাম। আরও দুই দিন সময় পাব। আল্লাহর ওপরে ছেড়ে দিলাম। দেখি চেষ্টা করে কি হয়।’
প্রস্তুতি ঘাটতি কি তাহলে অনেক? মোস্তাফিজের জবাব, ‘অনেক।’
করোনাভাইরাসের কারণে আইপিএল মাঝপথে বন্ধ হয়ে যাওয়ার আগে ২ মে সর্বশেষ ম্যাচ খেলেছিলেন মোস্তাফিজ। এরপর হোটেল রুমেই কেটেছে বাঁহাতি পেসারের সময়।
৬ মে বাংলাদেশ ফেরার পর হোটেলে কড়া কোয়ারেন্টাইনে ছিলেন আরও ১২ দিন। মঙ্গলবার মুক্ত হয়ে মাঠে ফিরেও অনুশীলন করতে পারেননি বৃষ্টির কারণে। বুধবারই তাই লম্বা সময় পর বল করতে পেরেছেন তিনি।
