তিন বছর আগে হঠাৎ করে জাতীয় দল থেকে অবসর নিয়েছিলেন এবি ডি ভিলিয়ার্স। তবে অবসর ভেঙে ফিরতে চেয়েছিলেন এই দক্ষিণ আফ্রিকান। আসছে টি-টোয়েন্টি বিশ্বকাপে তাকে দলে রাখতে আগ্রহী ছিলেন কোচ মার্ক বাউচারও। এমনকি বাউচার এ ক্ষেত্রে উৎসাহিতই করেছেন ডি ভিলিয়ার্সকে। কিন্তু শেষ পর্যন্ত অবসর ভেঙে না ফেরার সিদ্ধান্ত নিয়েছে এবি ডি।
এ অবস্থায় মার্ক বাউচার মনে করছেন, অস্বস্তিতে জাতীয় দলে না ফেরার সিদ্ধান্ত নিয়েছেন ডি ভিলিয়ার্স। বলেন, ‘এবির নিজস্ব কারণ রয়েছে, যেটা আমি সম্মান করি। দুর্ভাগ্যবশত, সে আর ভাবনায় নেই।… এই মুহূর্তে যারা সিস্টেমের অংশ, তাদের একজনের জায়গা নেওয়ার বিষয়টা ভালোভাবে নিতে পারছিল না সে। আমার ধারণা, বিষয়টাতে সে স্বস্তি পাচ্ছিল না।’
বাউচার যোগ করেন, ‘তবে কোচ হিসেবে আমার চেষ্টা করা দরকার ছিল, আমাদের সেরা খেলোয়াড়কে দলে ও এই পরিবেশে আনার। এবি যেকোনো পরিবেশে প্রাণশক্তি, উদ্যম বাড়িয়ে দেয়। আমি তার যুক্তিকে সম্মান করছি। চেষ্টা করা গুরুত্বপূর্ণ ছিল, তবে এখন এগিয়ে যেতে হবে।’
২০১৮ সালের মে-তে জাতীয় দল থেকে অবসরের ঘোষণা দেন ডি ভিলিয়ার্স। দেশের হয়ে ১১৪টি টেস্ট, ২২৮ ওয়ানডে ও ৭৮টি টি-টোয়েন্টি খেলেছেন তিনি।
