রাজধানীর মিরপুর ২ নম্বর সেকশনের একটি ভবনের দ্বিতীয় তলার ফ্ল্যাট থেকে মাহমুদুল হক রকি (২৫) নামের এক বিশ্ববিদ্যালয় ছাত্রের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল বুধবার দুপুর ২টার দিকে পচন ধরা লাশটি উদ্ধার করা হয়। রকি বিইউবিটি বিশ্ববিদ্যালয়ের ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং বিষয়ের ছাত্র ছিল।
পুলিশ জানায়, মিরপুর নম্বর সেকশনের ১ নম্বর রোডের জি ব্লকের ১৯ নম্বর বাসার দ্বিতীয় তলা থেকে বুধবার বেলা ২টার দিকে রকি নামের ওই যুবকের লাশ উদ্ধার করা হয়। ওই ফ্ল্যাটে মেস করে রকিসহ বিইউবিটি বিশ্ববিদ্যালয়ের চার ছাত্র থাকত। তাদের তিনজন ঈদে গ্রামে চলে গেলেও রকি ফ্ল্যাটে থেকে যায়। সে মানসিক চাপে ছিল বলে জানা গেছে।
মিরপুর মডেল থানার এসআই জামিউল ইসলাম দেশ রূপান্তরকে বলেন, রকির বাড়ি মাগুরা সদর উপজেলায়। তার বাবার নাম একেএম রেজাউল হক। মিরপুর শিয়ালবাড়ি এলাকার বেসরকারি বিশ্ববিদ্যালয় বিইউবিটিতে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের শেষ বর্ষের ছাত্র ছিল সে। ওই বাসায় চারজন মিলে মেস করে থাকত তারা। ঈদে তার রুমমেটরা গ্রামে চলে গেলেও সে একাই বাসায় ছিল। বুধবার তাদের এক রুমমেট বাসায় ফিরে দরজা খুলে ভেতরে জানালার গ্রিলের সঙ্গে বেডশিট দিয়ে গলায় ফাঁস দেওয়া ঝুলন্ত অবস্থায় দেখতে পায় রকিকে। হতাশাগ্রস্ত হওয়ার কারণে ২-৩ দিন আগে সে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করে থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
