কয়েক দিন কমার পর আবার ঊর্ধ্বমুখী ভারতের করোনা সংক্রমণ। তবে কমেছে মৃত্যুর হার।
স্থানীয় সংবাদমাধ্যম জানায়, মঙ্গলবার ২ লাখ ৬৩ হাজার, বুধবার ২ লাখ ৬৭ হাজার, বৃহস্পতিবার ২ লাখ ৭৬ হাজার— গত তিন দিন ধরে এটাই ভারতের দৈনিক করোনা আক্রান্তের সংখ্যা। ধারাবাহিকভাবে কমতে কমতে গত দু’দিন একটু হলেও ফের বাড়ল সংক্রমিতের সংখ্যা। তবে দৈনিক মৃত্যু ৪ দিন পর ৪ হাজারের নিচে নেমেছে।
কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের পরিসংখ্যান অনুসারে, ভারতে গত ২৪ ঘণ্টায় আক্রান্ত হয়েছেন ২ লাখ ৭৬ হাজার ১১০ জন। এ নিয়ে মোট আক্রান্ত হলো ২ কোটি ৫৭ লাখ ৭২ হাজার ৪৪০ মানুষ।
৪ হাজারের নিচে নামলেও দেশটিতে দৈনিক মৃত্যু সংখ্যাটা এই মুহূর্তে বিশ্বের অন্য দেশগুলোর তুলনায় অনেক বেশি। গত ২৪ ঘণ্টায় মৃত্যু হয়েছে ৩ হাজার ৮৭৪ জনের। সব মিলিয়ে ২ লাখ ৮৭ হাজার ১২২ জন।
আরও বলা হচ্ছে, গত ২৪ ঘণ্টায় ভারতে করোনা পরীক্ষা করা হয়েছে ২০ লাখ ৫৫ হাজার ১০ জনের। এক দিনে পরীক্ষার নিরিখে এই সংখ্যা এখনো পর্যন্ত সর্বোচ্চ। এ নিয়ে পর পর দু’দিন ২০ লাখের বেশি করোনা পরীক্ষা হলো ভারতে।
গত এক সপ্তাহের বেশি সময় দেশটিতে আক্রান্তের তুলনায় সুস্থ হচ্ছেন বেশি। যার জেরে কমছে সক্রিয় রোগীর সংখ্যা। এখন সক্রিয় রোগী রয়েছে ৩১ লাখ ২৯ হাজার ৮৭৮ জন। এ ছাড়া ভারতে টিকা পেয়েছেন ১৮ কোটি ৭০ লাখ মানুষ।
