যে করেই হোক আইপিএলের চলতি মৌসুম শেষ করতে চায় ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। এজন্য ইংল্যান্ড বোর্ডের কাছে টেস্ট সিরিজ এগিয়ে নেওয়ার অনুরোধ করেছে তারা। কিন্তু ইংলিশ ক্রিকেট বোর্ডের (ইসিবি) একজন মুখপাত্র জানিয়েছেন, ভারত ক্রিকেট বোর্ডের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো অনুরোধ তারা পাননি।
অনেক গণমাধ্যমেই খবর আসে, স্থগিত হওয়া আইপিএল সেপ্টেম্বরে শেষ করতে চায় বিসিসিআই। এজন্য ইসিবিকে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজটি এক সপ্তাহ এগিয়ে আনার অনুরোধ করেছে। তবে ইসিবির পক্ষ থেকে টাইমস অব ইন্ডিয়াকে বলা হয়, এমন কোনো কিছুই ঘটেনি। পূর্ব সূচি অনুযায়ীই আয়োজন করা হবে এই সিরিজ। ‘অনেক বিষয় নিয়ে বিসিসিআইয়ের সঙ্গে নিয়মিত কথা বলি আমরা, বিশেষ করে কভিড-১৯ চ্যালেঞ্জ মোকাবিলা নিয়ে। তবে (সিরিজের) সূচি পরিবর্তন করা নিয়ে আমরা আনুষ্ঠানিক কোনো অনুরোধ পাইনি। সূচি অনুযায়ীই পাঁচ ম্যাচের টেস্ট সিরিজটি আয়োজনের পরিকল্পনা করছি আমরা।’
