ঘূর্ণিঝড় তকতের আঘাতে ধসে গেছে বলিউড অভিনেতা অজয় দেবগণের সিনেমার সেট। শুটিংয়ের জন্য লোকেশন আবার ঠিকঠাক করতে সাত কোটি রুপি খরচ হচ্ছে।
এই অর্থ লোকসান হচ্ছে প্রযোজক বনি কাপুরের। আগে দুইবার সেট বানিয়ে করোনার কারণে গুটিয়ে ফেলতে হয়েছিল তার।
ইটাইমসকে বনি বলেছেন, ‘সেট পুরোপুরি ধসে গেছে। তৃতীয়বার এটি করতে হচ্ছে আমাকে।’
একটি স্টেডিয়াম সদৃশ সেট নির্মাণ করা হয়েছিল সিনেমার শুটিংয়ের জন্য। সেটের পেছনে এখন পর্যন্ত ৩০ কোটি রুপি খরচ হয়েছে তাদের।
গতকাল শুক্রবার জি নিউজের খবরে বলা হয়েছে, ভারতীয় ফুটবল দলের সাবেক কোচ সৈয়দ আব্দুল রহিমের জীবনী নিয়ে ‘ময়দান’ সিনেমাটি তৈরি হচ্ছে।
এশিয়ান গেমসে ১৯৫১ ও ১৯৬২ সালে ভারতীয় ফুটবল দলের বিজয়ে অবদান রাখেন আব্দুল রহিম। আব্দুল রহিমের চরিত্রে অভিনয় করছেন অজয়। আর তার স্ত্রীর চরিত্রে অভিনয় করছেন অভিনেত্রী প্রিয়ামণি।
‘ময়দান’ সিনেমার প্রযোজক বনি কাপুর ও পরিচালক অমিত শর্মার পরিকল্পনা ছিল আগামী ৩১ মে থেকে লকডাউন শিথিল হলে তারা শুটিং শেষ করবেন। কিন্তু সেট ভেঙে যাওয়ায় তা আর হলো না।
