মিয়ানমারের উত্তর-পশ্চিমাঞ্চলীয় শহর কামটিতে সেনাবাহিনীর ওপর জাতিগত সশস্ত্র গোষ্ঠী কাচিন ইন্ডিপেনডেন্স আর্মির (কেআইএ) সদস্যরা হামলা চালিয়েছে বলে জানিয়েছে স্থানীয় কয়েকটি সংবাদমাধ্যম। জেড খনির শহর কামটিতে এমন এক সময় এ হামলা হলো, যখন মিয়ানমার রাজনৈতিক ও অর্থনৈতিকভাবে টালমাটাল অবস্থা পার করছে।
কেআইএ গত ফেব্রুয়ারিতে গণতান্ত্রিক সরকারকে উৎখাত করে সামরিক বাহিনীর ক্ষমতা দখলেরও বিরোধিতা করে আসছে। গতকাল শনিবার সশস্ত্র এ গোষ্ঠীটির যোদ্ধারা সাগাইং অঞ্চলের কামটি শহরের একটি সেনা চৌকিতে হামলা চালায় বলে জানিয়েছে ইরাবতী। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ছবিতে হামলাস্থল থেকে ব্যাপক ধোঁয়া উড়তেও দেখা গেছে।
কেআইএ মুখপাত্র ন বু হামলার বিষয়ে অবগত থাকার কথা জানালেও এ বিষয়ে বস্তারিত কিছু বলতে পারেননি। কামটির এক বাসিন্দা বলেন, ‘যুদ্ধ এখনো চলছে। আমি গুলির আওয়াজ শুনতে পাচ্ছি।’ কামটিতে হামলার খবর প্রসঙ্গে রয়টার্স সামরিক জান্তার মুখপাত্রের প্রতিক্রিয়া জানতে তার সঙ্গে যোগাযোগের চেষ্টা করেও সফল হতে পারেনি।
সাম্প্রতিক সপ্তাহগুলোতে মিয়ানমার সেনাবাহিনীর সঙ্গে কাচিন জনগণের জন্য বৃহত্তর স্বায়ত্তশাসন চেয়ে ছয় দশক ধরে লড়াই চালিয়ে আসা কেআইএ’র মুখোমুখি যুদ্ধের মাত্রা তীব্রতর হয়েছে।
