চাঁদপুরের হাইমচরে সপ্তম শ্রেণির এক ছাত্রীকে (১৪) দলবদ্ধ ধর্ষণের অভিযোগে তিন যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। গত শুক্রবার মধ্যরাতে হাইমচর উপজেলার দক্ষিণ পাড়া বগুলা এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। গতকাল শনিবার দুপুরে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলো হাইমচর উপজেলার দক্ষিণ পাড়াবগুলা এলাকার মোহাম্মদ রাকিব (১৯), শাহাজালাল (১৯) ও লক্ষ্মীপুরের রায়পুর উপজেলার মোহাম্মদ হাসান (১৮)।
এ ঘটনায় শুক্রবার সন্ধ্যায় শিশুটির মা তিনজনকে আসামি করে হাইমচর থানায় ধর্ষণ মামলা করেন।
মামলার অভিযোগ থেকে জানা যায়, গত বৃহস্পতিবার সন্ধ্যায় ওই ছাত্রী রায়পুর উপজেলায় তাদের বাড়ি থেকে অভিযুক্ত হাসানের অটোরিকশায় চড়ে তার বোনের বাড়ি দক্ষিণ পাড়া বগুলা যাচ্ছিল। বাড়ির কাছাকাছি পৌঁছালে অভিয্ক্তু ওই তিন যুবক তাকে রাস্তার পাশে একটি সুপারি বাগানে নিয়ে ধর্ষণ করে। পরে তারা শুক্রবার সকালে তাকে রাস্তায় ফেলে রেখে পালিয়ে যায়। হাইমচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহাবুবুর রহমান মোল্লা বলেন, গ্রেপ্তার তিনজনকে শনিবার দুপুরে আদালতে পাঠানো হয়।
