লন্ডনে ক্যাফে খুলছেন সেই পাকিস্তানি চাওয়ালা

আপডেট : ২৩ মে ২০২১, ১২:২০ পিএম

প্রায় দুই বছর আগে সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া পাকিস্তানের চা-দোকানি আরশাদ খান লন্ডনে নিজের প্রথম ক্যাফে চালু করতে যাওয়ার ঘোষণা দিয়েছেন।

উপমহাদেশে তো বটেই সারা বিশ্বে চা অন্যতম জনপ্রিয় পানীয়। ২১ মে দিনটিকে পালন করা হয় ‘আন্তর্জাতিক চা দিবস’ হিসেবে। এই দিনেই আরশাদ জানিয়েছেন, এ বছর লন্ডনে একটি চা ক্যাফে খুলবেন তিনি।

২৩ বছরের আরশাদের বাড়ি ইসলামাবাদে। নিজের পরিচয় দেন ‘আরশাদ খান চাওয়ালা’ হিসেবেই। লন্ডনে চায়ের ক্যাফে খোলার খবর নিজেই জানিয়েছেন ফেইসবুকে।

লিখেছেন, ‘লাগাতার প্রচেষ্টা এনে দিতে পারে শক্তি এবং উন্নতি। কাফে চাওয়ালা এ বছরের শেষে লন্ডনে প্রথম আউটলেট খুলতে যাচ্ছে।’

ইতিমধ্যে ইসলামাবাদে তিনি খুলেছেন ক্যাফে। তার নাম দিয়েছেন ‘কাফে চাওয়ালা’। সে দেশের এক সংবাদমাধ্যমকে তিনি বলেছেন, ‘অনেকেই আমাকে বলেছেন দোকানের নাম পরিবর্তন করে আমার নিজের নামে রাখার জন্য। কিন্তু আমি তা চাই না।’

ইসলামাবাদে তার ক্যাফেতে ১৫-১২টি ডিশ রোজ তৈরি হয় বলেও জানিয়েছেন তিনি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত