ভোলার চরফ্যাশন উপজেলায় ড্রেসিং করার সময় প্রায় তিন শতাধিক মরা ব্রয়লার মুরগিসহ মো. রাসেল নামে এক দোকান কর্মচারীকে আটক করেছে স্থানীয়রা। আটক রাসেলের বাড়ি উপজেলার আবু বকর পুর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডে।
শনিবার রাত ১০টার দিকে চরফ্যাশন বাজারে মাংসপট্টি মিরাজের মুরগির দোকান থেকে তাকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে রাসেলকে ৫০ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে তিন মাসের কারাদণ্ড দেওয়া হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন চরফ্যাশন উপজেলার সহকারি কমিশনার (ভূমি) রিপন বিশ্বাস।
স্থানীয়রা জানান, আবুবকর পুরের একটি পোল্ট্রি ফার্ম থেকে বস্তায় ভরে মরা মুরগি এনে চরফ্যাশন বাজারের মুরগি পট্টিতে ড্রেসিংয়ের সময় তাকে আটক করা হয়।
চরফ্যাশন উপজেলার সহকারি কমিশনার (ভূমি) রিপন বিশ্বাস জানান, রাতে আবু বকর পুর ইউনিয়নের একটি পোল্ট্রি ফার্ম থেকে পাঁচটি বস্তায় ভরে তিন শ মরা মুরগী রিকশায় করে পূর্ব বাজারে নিয়ে আসা হয়। মুরগীগুলো সেখানকার মিরাজের দোকানে ড্রেসিং করার সময় স্থানীয়রা টের পেয়ে তাকে আটকে রেখে আমাদের খবর দেয়। পরে আমরা এসে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ভোক্তা অধিকার আইনে কর্মচারী রাসেলকে ৫০ হাজার টাকা জরিমানা অনাদায়ে তিন মাসের কারাদণ্ড দিই। তবে আমাদের উপস্থিতি টের পেয়ে দোকানের মালিক পালিয়ে যাওয়ায় তাকে আটক করা যায়নি।
