আশুলিয়ায় তালাবদ্ধ কক্ষে যুবকের হাত-পা বাঁধা অর্ধগলিত লাশ

আপডেট : ২৪ মে ২০২১, ১০:৪৯ এএম

সাভারের আশুলিয়ায় একটি ভাড়া বাড়ির তালাবদ্ধ কক্ষ থেকে অজ্ঞাতপরিচয় এক যুবকের হাত-পা বাঁধা অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

রবিবার দিবাগত রাত একটার দিকে আশুলিয়ার কাঠগড়া পুকুরপাড় এলাকার শামসুন্নাহারের ভাড়া বাড়ির নিচতলার একটি কক্ষ থেকে মরদেহটি উদ্ধার করা হয়।

প্রাথমিকভাবে নিহতের কোনো পরিচয় শনাক্ত করতে পারেনি পুলিশ। তবে নিহতের বিস্তারিত পরিচয় জানার চেষ্টা চলছে বলে জানায় পুলিশ।

বাড়ির মালিক শামসুন্নাহার বলেন, গত ১৯ মে পুলিশের সোর্স পরিচয় দিয়ে বাসা ভাড়া নেন ওই যুবক। এ সময় ভাড়াটিয়া ফরম পূরণ করে জমা দিতে বললে আগামী ১ জুন তিনি তার স্ত্রীসহ বাসায় উঠে ভাড়াটিয়া ফরম পূরণ করে দেবেন বলে জানিয়ে সে দিন থেকেই বাসায় থাকতে শুরু করেন। এর পরদিন বন্ধু পরিচয়ে আরও ৪ যুবক ওই কক্ষে আসেন এবং তারা এক সঙ্গেই ছিলেন। একপর্যায়ে শনিবার ভোরে তারা দরজায় তালা দিয়ে কাউকে কিছু না বলেই চলে যান।

পরে রবিবার রাতে দুর্গন্ধ ছড়িয়ে পড়লে প্রতিবেশীরা ওই কক্ষের জানালায় উঁকি দিলে ভেতরে মরদেহটি দেখতে পায়।

বিষয়টি আশুলিয়া থানায় জানানো হলে রাতেই পুলিশ ঘটনাস্থলে পৌঁছে ঘরের তালা ভেঙে নিহতের মরদেহটি উদ্ধার করে নিয়ে যায়।

এ ব্যাপারে আশুলিয়া থানার উপপরিদর্শক (এসআই) মো. হাচিব শিকদার বলেন,  স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে আশুলিয়ার কাঠগড়া পুকুরপাড় এলাকা থেকে হাত-পা বাঁধা অর্ধগলিত মরদেহটি উদ্ধার করা হয়েছে। এ সময় তারা গলাতেও রশি প্যাঁচানো ছিল এবং মাথায় গুরুতর আঘাতের চিহ্ন রয়েছে।

সোমবার মরদেহটি ময়নাতদন্তের জন্য ঢাকার সোহরাওয়ার্দী হাসপাতালে পাঠানো হয়েছে।

এ ঘটনায় একটি হত্যা মামলা দায়েরসহ নিহত যুবকে নামপরিচয় ও হত্যাকাণ্ডের বিষয়টি উদ্‌ঘাটনের চেষ্টা চলছে বলেও জানান তিনি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত