বার্সাতেই যাচ্ছেন আগুয়েরো, বলছেন গুয়ার্দিওলা

আপডেট : ২৪ মে ২০২১, ০৯:২৯ পিএম

সব ঠিক থাকলে বার্সেলোনায় খেলতে দেখা যেতে পারে সার্জিও আগুয়েরোকে। ম্যানচেস্টার সিটি কোচ পেপ গার্দিওলাও সেই ইঙ্গিত দিয়েছেন।

এ মৌসুমেই ম্যানচেস্টার সিটির সঙ্গে চুক্তি শেষ হচ্ছে আগুয়েরোর। এরই মধ্যে সিটির হয়ে ইংলিশ প্রিমিয়ার লিগে নিজের শেষ ম্যাচ খেলে ফেলেছেন আগুয়েরো। সব ঠিক থাকলে শনিবার চ্যাম্পিয়নস লিগের ফাইনালে সিটির হয়ে শেষ ম্যাচ খেলতে নামবেন আর্জেন্টাইন তারকা।

পেপ গুয়ার্দিওলা বলেছেন, ‘আমি একটা রহস্য ফাঁস করে দিতে পারি। সে সর্বকালের অন্যতম সেরা তারকার পাশে খেলতে যাচ্ছে। আগামী বছর হয়তো আমার প্রিয় ক্লাব বার্সেলোনায় খেলবে আগুয়েরো।’

‘আমি নিশ্চিত বার্সাতে ও ফুটবলটা উপভোগ করবে। ওকে পেলে বার্সারও শক্তি অনেকটাই বেড়ে যাবে।’- যোগ করেন সাবেক বার্সা কোচ।

আগুয়েরো গত দশ বছরে সিটির অন্যতম সফল ফুটবলার। সব মিলিয়ে ১৮৪টা গোল করেছেন। শনিবার সেই সংখ্যাটা আরো বাড়তে পারে।

এভারটনের বিপক্ষে লিগের শেষ ম্যাচে পেপ গুয়ার্দিওলার দল জিতেছে ৫-০। যার মধ্যে আবার জোড়া গোল করেছেন আগুয়েরোই। ম্যাচের পর সিটির পক্ষে ফেয়ারওয়েল দেওয়া হয়েছে আগুয়েরোকে। সব মিলিয়ে আবেগপ্রবণ হয়ে পড়েছিলেন আগুয়েরো।

তার কথায়, ‘আমি একজন স্ট্রাইকার। গোল করাটাই আমার কাজ। লিগের শেষ ম্যাচে গোল করতে পেরে ভালো লাগছে। ১০ বছর একটা ক্লাবে কাটানো সহজ নয়। এই পুরো সময়টা আমার কাছে বিরাট সম্মানের ছিল।’

ইপিএলের শেষ ম্যাচে আগুয়েরোর দুটি গোল দেখার পর আবেগপ্রবণ হয়ে পড়েছিলেন সিটির কোচও। তিনি কেঁদে ফেলেছিলেন। পরে বলেছেন, ‘আগুয়েরো আমাদের কাছে স্পেশাল প্লেয়ার। শেষ ম্যাচেও দুটি গোল করে সেটাই দেখিয়ে গেল ও। ওকে মিস করব আমরা।’

×
সর্বশেষ সর্বাধিক পঠিত