‘ইসরায়েল ব্যতীত’ বাদ পড়ায় ব্যথিত ফিলিস্তিন রাষ্ট্রদূত

আপডেট : ২৪ মে ২০২১, ১১:৩৪ পিএম

বাংলাদেশের পাসপোর্ট থেকে ‘ইসরায়েল ব্যতীত’ বাদ দেওয়ার বিষয়ে ব্যথিত বোধ করার কথা জানিয়েছেন ঢাকায় ফিলিস্তিনের রাষ্ট্রদূত ইউসুফ সালেহ ওয়াই রামাদান।

সোমবার সন্ধ্যায় ঢাকায় নিজ বাসভবনে এ বিষয়ে প্রতিক্রিয়ায় সাংবাদিকদের তিনি বলেন, এটা অগ্রহণযোগ্য, নিশ্চিতভাবে অগ্রহণযোগ্য। এটা আমাদের কাছে গ্রহণযোগ্য হতে পারে না। কিন্তু শেষ কথা হলো, বাংলাদেশ একটি সার্বভৌম দেশ, এটাকে আমরা সম্মান করি। যদি আপনি আমি এবং অধিকাংশ ফিলিস্তিনি জনগণের অনুভূতির বিষয়ে জিজ্ঞেস করেছেন, তাহলে আমার অনভূতি হচ্ছে এটা অগ্রহণযোগ্য।

তিনি বলেন, সার্বভৌম দেশ হিসাবে হিসাবে যে কোনো সিদ্ধান্ত বাংলাদেশ নিতে পারে। আমরা কেবল সিদ্ধান্ত পরিবর্তনের অনুরোধ জানাতে পারি এবং আশা করি তারা তা করবে।

ফিলিস্তিনি রাষ্ট্রদূত রামাদান বলেন, স্পষ্ট করে বললে, আমি এই খবরকে খুশি বা আনন্দের সঙ্গে গ্রহণ করিনি। এই খবর আমি বেদনার সঙ্গে গ্রহণ করেছি। যদিও আমি মাননীয় পররাষ্ট্রমন্ত্রীকে ধন্যবাদ জানাচ্ছি, সার্বিক পরিস্থিতি ও বাংলাদেশের অবস্থান স্পষ্ট করার জন্য। তিনি নিশ্চিত করেছেন মধ্যপ্রাচ্যের বিষয়ে বাংলাদেশের অবস্থানের কোনো পরিবর্তন হয়নি এবং নাগরিকদের ইসরায়েলে ভ্রমণ নিষেধাজ্ঞা আগের মতোই থাকছে। রাজনৈতিকভাবে এটা আমার জন্য যথেষ্ট।

তিনি বলেন, কিন্তু এখানে একটা বিষয় আছে, আমি মনে মনে আপনারা সবাই জানেন, এই খবর এমন সময়ে আসল যখন ফিলিস্তিনে বলপ্রয়োগ কেবল থামল এবং আমি মনে করি এটা ঠিক হয়নি। কেননা আমাদের শিশুদের রক্তের দাগ এখনও শুকায়নি। এবং এটা ইসরায়েল এমনভাবে গ্রহণ করেছেন, যেন তাদের পুরস্কৃত করা হয়েছে। তাদের পররাষ্ট্র মন্ত্রণালয় টুইট করে বলেছে, পরবর্তী পদক্ষেপ হচ্ছে বাংলাদেশের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক স্থাপন। সুতরাং ইসরায়েলের কাছে সঠিক বার্তা যায়নি, ভুল বার্তা গেছে।

রামাদান বলেন, বার্তাটি গেল এমন সময়ে গেল, তখন তারা কেবল অপরাধ সংঘটনের করেছে, নির্মমতা চালিয়েছে এবং আমাদের জনগণ ভোগান্তি সহ্য করেছে। এটা (পাসপোর্টে পরিবর্তন) ঠিক সময়ে হয়নি এবং আমি মনে করি এটা পরেও হতে পারত।

তিনি বলেন, ইসরায়েল সময়ে সময়ে শান্তি প্রক্রিয়ার দিকে কিছুটা এগোয়, তাদেরকে সে সময় এভাবে পুরস্কৃত করা যেত। যখন তারা এসব ঘটনা ঘটাল, যার ভিডিও ফুটেজ আপনারা দেখেছেন, ফিলিস্তিনিরা স্বজন হারালো এবং বাড়িঘর ধ্বংস করে দেওয়া হলো, এটা পরিবর্তনের ঠিক সময় আমার কাছে মনে হয়নি।

তিনি বলেন, আমি আন্তরিকতার সঙ্গে আশা করি সরকার এই সিদ্ধান্ত পুনর্বিবেচনা করবে এবং বাক্যটি পাসপোর্টে রাখবে। কেননা এটা ফিলিস্তিনি জনগণের জন্য খুবই খুবই ভালো সমর্থনকে প্রতিনিধিত্ব করে।

‘ইসরায়েল ব্যতীত বিশ্বের সব দেশের ক্ষেত্রে বৈধ’- বাংলাদেশের পাসপোর্টে লেখা এই বাক্যটি থেকে ‘ইসরায়েল ব্যতীত’ কথাটি বাদ পড়ার খবর সম্প্রতি গণমাধ্যমে আসে।

ফিলিস্তিনি জনগণের জন্য বাংলাদেশিদের সহায়তার বিষয় তুলে ধরে তিনি বলেন, তার দেশের জনগণের চিকিৎসাসহ অন্যান্য খাতে এই মুহূর্তে ৮ থেকে ১০ মিলিয়ন ডলার প্রয়োজন। তবে ফিলিস্তিনে নগদ অর্থ পাঠানোর কোনো সুযোগ নেই, যেসব কোম্পানি ওখানে কাজ করে, তাদের মাধ্যমে বিভিন্ন সরঞ্জাম কিনে পাঠানো হবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত