বাবার মারধরের প্রতিশোধ নিতে বন্ধুকে খুন করে ২ কিশোর

আপডেট : ২৫ মে ২০২১, ০৬:২৫ পিএম

গাজীপুরে ক্ষোভের কারণে দুই বন্ধু মিলে সোহান (১৪) নামে এক কিশোরকে হত্যা করে লাশ ময়লার স্তূপে ফেলে রাখে। দীর্ঘ তদন্তের পর গাজীপুরের পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) এ ঘটনার রহস্য উদ্‌ঘাটন এবং এক আসামিকে গ্রেপ্তার করে। আসামি পুলিশকে খুনের বিবরণ ও গাজীপুর আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয়।

মামলার তদন্ত কর্মকর্তা ও গাজীপুরে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশনের (পিবিআই) এসআই সুমন মিয়া জানান, ২০২০ সালের ৩ আগস্ট সন্ধ্যায় বাড়ি থেকে নিখোঁজ হয় কিশোর সোহান (১৪)। এ ঘটনায় তার মা নাজমা বেগম ৬ আগস্ট থানায় সাধারণ ডায়েরি করেন। পরে গত ৩১ আগস্ট গড়গড়িয়া মাস্টারবাড়ি খালের ব্রিজ সংলগ্ন ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের পশ্চিম পাশে ময়লার স্তূপের মধ্যে একটি ছেলে মানুষের কঙ্কাল দেখতে পান স্থানীয়রা।

খবর পেয়ে নিহতের মা পড়ে থাকা জামা, প্যান্ট, স্যান্ডেল দেখে কঙ্কালটি তার ছেলের বলে শনাক্ত করেন। ওই দিনই তিনি অজ্ঞাত আসামি করে শ্রীপুর থানায় মামলা দায়ের করেন। পরে থানা পুলিশ প্রায় দুই মাস তদন্ত করে চার আসামিকে গ্রেপ্তার করে।

পুলিশ হেড কোয়ার্টারের নির্দেশে মামলাটি গাজীপুর পিবিআই তদন্ত শুরু করে। পিবিআই লাশের ডিএনএ পরীক্ষা করে এটি নাজমা বেগমের ছেলে সোহানের বলে শনাক্ত করেন।

তদন্তকালে হাজতি আসামিকে রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ করলে হত্যাকাণ্ডের কথা স্বীকার করে এবং আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেয় ও হত্যায় জড়িত অপর আসামিদের নাম বলে দেয়।

তার দেখানো মতে হত্যায় ব্যবহৃত ছুরি ২৩ মে উদ্ধার করা হয়।

জবানবন্দিতে সাগর জানায়, নিহত সোহান এবং হত্যাকায় জড়িত আসামিরা পরস্পর বন্ধু। তারা একসঙ্গে চলাফেরা করত। ঘটনার কিছুদিন আগে তারা বন্ধু সোহানকে মারধর করে। সোহান তার বাবাকে মারধরের কথা বলে দেওয়ায় তিনি আসামিকে ময়মনসিংহ মহাসড়কের আইল্যান্ডে বেঁধে জুতা ও লাঠি দিয়ে মারধর করায় তার মধ্যে ক্ষোভের সৃষ্টি হয়। এ ছাড়া ঘটনায় জড়িত অপর আসামিকে সোহানের বাবা ২০০ পিস ইয়াবাসহ পুলিশকে ধরিয়ে দেন। আজিজুল তিন মাস জেল খাটে। এই জন্য তার মধ্যে প্রচণ্ড ক্ষোভের সৃষ্টি হয়। তারা সোহানকে হত্যার পরিকল্পনা করে। ওই পরিকল্পনা মোতাবেক সোহানকে ডেকে এনে ঘটনাস্থলের পাশের জঙ্গলে নিয়ে প্রথমে সোহানের মাথায় বাঁশ দিয়ে আঘাত করে। এরপর চাকু দিয়ে তার বুকে আঘাত করে। মৃত্যু নিশ্চিত করে তারা সোহানকে ময়লার স্তূপের ভেতর চাপা দিয়ে চলে যায়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত