সন্তানের সামনে মাকে খুন করা প্রধান আসামি গ্রেপ্তার

আপডেট : ২৬ মে ২০২১, ১১:০৯ পিএম

চট্টগ্রামের ফটিকছড়িতে সন্তানদের চোখের সামনে খুন হওয়া গৃহবধূ খতিজা বেগম খুকী হত্যার প্রধান আসামি মানিককে গ্রেপ্তার করেছে পুলিশ।

মঙ্গলবার রাত ১২টার দিকে ফটিকছড়ি উপজেলার পাইন্দং ইউনিয়নের বেড়াজালী এলাকা থেকে ফটিকছড়ি থানা পুলিশের একটি দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে।

পরে তার স্বীকারোক্তি মতে, মানিকের বাড়ির পাশ্বর্বতী একটি ডোবা থেকে দুটি ছুরি ও একটি রামদা উদ্ধার করে পুলিশ।

এর আগে গত বৃহস্পতিবার রাত ৩টার দিকে উপজেলার নাজিরহাট পৌরসভাধীন ৭ নম্বর ওয়ার্ডের নুরুল্লাহ মুন্সির বাড়ির প্রবাসী ইছা আহমদের ঘরের ছাদের সিঁড়ি রুমের গ্রিলের তালা ভেঙে প্রতিবেশী আজিজুর রহমানের পুত্র মানিক মিয়া (৩৫) ঘরে প্রবেশ করে খতিজাকে এলোপাতাড়ি কুপিয়ে হত্যা করে।

পুলিশ জানায়, প্রাথমিক জিজ্ঞাসাবাদে মানিক খতিজাকে হত্যার কথা স্বীকার করেছে। মূলত খতিজার সঙ্গে পরকীয়া প্রেমের সম্পর্কের বিচ্ছিন্নতার জেরেই মানিক এ হত্যাকাণ্ড ঘটিয়েছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে ফটিকছড়ি থানার ওসি রবিউল ইসলাম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়েছে। পরবর্তী আইনগত পদক্ষেপ নেয়া হচ্ছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত