রাজবাড়ীর গোয়ালন্দ দৌলতদিয়া ঘাটে ফেরি চলাচল স্বাভাবিক আছে। বাতাস ও নদীতে ঢেউ থাকলেও তা ফেরি চলাচলে তেমন ব্যাহত করছে না।
এদিকে ২৫ মে থেকে ঘূর্ণিঝড় ইয়াসের কারণে রাজবাড়ীর দৌলতদিয়া ও মানিকগঞ্জের পাটুরিয়া নৌপথে যাত্রীবাহী লঞ্চ চলাচল বন্ধ রয়েছে যা এখনো চালু হয়নি।
সরেজমিন ২৭ এপ্রিল সকাল ৯টা থেকে ১২টা পর্যন্ত ঘাট এলাকা ঘুরে দেখা যায়, ফেরি চলাচল স্বাভাবিক রয়েছে, সবগুলো ঘাট সচল রয়েছে। পরিবহন, প্রাইভেটকার, মাইক্রোবাস, ট্রাক সরাসরি ফেরিতে উঠতে পারছে। আর সবগুলো ফেরি চলাচল করায় তেমন ভোগান্তি পড়তে হচ্ছে না রাজধানীসহ অন্যান্য জেলামুখী বাসসহ অন্যান্য যানবাহনগুলোকে।
তবে নির্দেশনা না আসায় এখন পর্যন্ত লঞ্চ চলাচল বন্ধ আছে।
বিআইডব্লিউউটিএ’র দৌলতদিয়া ঘাটের (টিআই) আফতাব হোসেন বলেন, ২৫ তারিখ থেকে দুই নৌরুটে নির্দেশনা অনুযায়ী আমরা লঞ্চ বন্ধ রেখেছি। লঞ্চ চলাচলের নির্দেশনা আসলেই আমরা লঞ্চ চলাচল শুরু করবো। বর্তমানে লঞ্চগুলো আরিচা ঘাটে নোঙর করা আছে।
বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহনের (বিআইডব্লিউটিসি) দৌলতদিয়া শাখার সহকারী মহাব্যবস্থাপক ফিরোজ শেখ বলেন, ঘূর্ণিঝড় ইয়াসের কোনো প্রভাব এখানে পড়েনি, আজ সকাল থেকে বাতাস সাথে নদীতে ঢেউ থাকলেও এখন পর্যন্ত ফেরি চলাচলে সমস্যা হয়নি, আসা করি সমস্যা হবে না। দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে সবগুলো ফেরি চলছে। বর্তমানে ১৫ ফেরি দিয়ে যানবাহন পার করানো হচ্ছে।
