ঢাকা মেডিকেল কলেজের সার্জারি বিভাগের অবসরপ্রাপ্ত অধ্যাপক ডা. এ জেড এম মোস্তাক হোসেনকে চার বছর মেয়াদে রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ে ভিসি হিসেবে নিয়োগ দিয়েছে সরকার। স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের চিকিৎসা শিক্ষা এবং পরিবার কল্যাণ বিভাগের এক বিজ্ঞপ্তিতে গতকাল বৃহস্পতিবার এ তথ্য জানানো হয়।
এতে বলা হয়, রাষ্ট্রপতি এবং বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলরের অনুমোদন অনুযায়ী রাজশাহী মেডিকেল বিশ্ববিদ্যালয়ের আইন-২০১৬ এর ১২(১) ধারা মোতাবেক ডা. মোস্তাক হোসেনকে নিয়োগ দেওয়া হয়েছে। এই নিয়োগ আদেশ ডা. মোস্তাক হোসেনের যোগদানের দিন থেকে কার্যকর হবে। তিনি সরকারি চাকরি থেকে অবসর গ্রহণের আগে সর্বশেষ প্রাপ্ত বেতনের সমপরিমাণ বেতন-ভাতা পাবেন।
শরীয়তপুর জেলার নড়িয়া উপজেলার ফতেজঙ্গপুর গ্রামে জন্মগ্রহণ করেন অধ্যাপক মোস্তাক হোসেন। তিনি রাজশাহী মেডিকেল কলেজ থেকে এমবিবিএস পাস করেন।
