মানিকগঞ্জের শিবালয়ে রমজান আলী (৩০) নামে এক যুবককে জবাই করে হত্যা করা হয়েছে। গতকাল শুক্রবার সকাল সাড়ে ৯টার দিকে উপজেলার শিমুলিয়া ইউনিয়নের শিমুলিয়া চর থেকে তার মরদেহ উদ্ধার করে পুলিশ। নিহত রমজান আগ শিমুলিয়া গ্রামের মৃত লেবু মিয়ার ছেলে।
শিবালয় থানার ওসি ফিরোজ কবির বলেন, রমজান আলী স্ত্রী-সন্তান নিয়ে ঢাকার উত্তরায় থাকেন। সেখানে তিনি একটি প্রেসে এবং তার স্ত্রী পোশাক কারখানায় চাকরি করেন। গত বৃৃহস্পতিবার রাতে ঢাকা থেকে অসুস্থ মাকে দেখার জন্য বাড়ি আসার পথে দুর্বৃত্তরা রমজানকে জবাই করে শিমুলিয়ার একটি চরে ফেলে রেখে যায়।
অন্যদিকে, বগুড়ার শাজাহানপুরে একটি মাদ্রাসার বৃদ্ধ নৈশপ্রহরীকে গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা। গতকাল সকালে ওই মাদ্রাসার শ্রেণিকক্ষ থেকে পুলিশ তার মরদেহ উদ্ধার করে। নিহত জয়নাল আবেদীন (৭০) শাজাহানপুর উপজেলার খোট্টাপাড়ার মৃত মীর বক্সের ছেলে। তিনি সুজাবাদ উত্তরপাড়া দাখিল মাদ্রাসার পাশে বাড়ি নির্মাণ করে বসবাস করছিলেন। শাজাহানপুর থানার এসআই আবদুর রাজ্জাক জানান, জয়নাল মাদ্রাসার একটি কক্ষে ঘুমাতেন। ওই কক্ষের দরজা খোলা ছিল বলে তার ছেলে পুলিশকে জানিয়েছেন। কী কারণে বৃদ্ধ নৈশপ্রহরীকে হত্যা করা হলো তা নিশ্চিত হওয়া যায়নি।
