দৌলতদিয়া ঘাটে নদী পারের অপেক্ষায় শতাধিক ট্রাক

আপডেট : ২৯ মে ২০২১, ১১:০৯ এএম

রাজবাড়ী গোয়ালন্দের দৌলতদিয়া ফেরি ঘাটে পদ্মা নদী পারের অপেক্ষায় রয়েছে  শতাধিক পণ্যবাহী ট্রাক।

নদী পারের জন্য ঘণ্টার পর ঘণ্টা মহাসড়কে অবস্থান করতে হচ্ছে চালক ও শ্রমিকদের। ফলে চরম ভোগান্তিতে পড়েছেন তারা। টয়লেট, পানি ও খাবারের কোনো ব্যবস্থা না থাকায় তারা চরম মানবেতর জীবনযাপন করছে।

অন্যদিকে দূরপাল্লার পরিবহন ও ব্যক্তিগত গাড়িকে কোনো প্রকার সিরিয়াল এ থাকতে হচ্ছে না সরাসরি ফেরিতে উঠতে পারছে।

শনিবার সকালে সরেজমিনে দেখা যায়, দৌলতদিয়া ঘাটের জিরো পয়েন্ট (৩নং ঘাট) থেকে ঢাকা-খুলনা মহাসড়কের দৌলতদিয়া ইউনিয়ন পরিষদ পর্যন্ত  প্রায় শতাধিক পণ্যবাহী ট্রাক অপেক্ষা করছে নদী পারের জন্য।

অপরদিকে নদী পারের অপেক্ষায় গোয়ালন্দ মোড়ে দৌলতদিয়া-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কে রাজবাড়ীর দিকে সেখানেও পণ্যবাহী ট্রাক অপেক্ষা করছে সড়কে।

ফরিদপুর থেকে ছেড়ে আসা ট্রাক চালক মামুন মোল্লা বলেন, ২ দিন গোয়ালন্দ মোড়ে আটকা থাকার পর আজ সকাল ৮টায় দৌলতদিয়া ঘাটের উদ্দেশে রওনা হই কিন্তু যেখানে আছি সেখান থেকেও ঘাট প্রায় ২ কিলোমিটার হবে।

‘লকডাউনের মধ্যে দূরপাল্লার বাস বন্ধ থাকার কারণে আমাদের তেমন সমস্যা হয় নাই, তখন আমরা সরাসরি কোনোরকমে সিরিয়ালে না থেকেই ফেরি উঠতে পেরেছি। তবে পরিবহন চালু হওয়াতে এখন ট্রাকের সিরিয়াল বাড়ছে।’

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন সংস্থা (বিআইডব্লিউটিসি) দৌলতদিয়া কার্যালয়ের সহকারী মহাব্যবস্থাপক (এজিএম) ফিরোজ শেখ বলেন, রাত থেকে ঘাট এলাকাতে পণ্যবাহী ট্রাকের চাপ কিছুটা বেড়েছে। আমরা সিরিয়াল অনুযায়ী ট্রাকগুলোকে পার করছি।

তিনি বলেন, আমাদের প্রায় সব ফেরি ঘাটই সচল আছে। ঘাট এলাকায় ট্রাকের চাপ কমাতে গোয়ালন্দ মোড়ে ট্রাকগুলো সিরিয়াল করে রাখা হয়। বর্তমানে দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ১৫টি ফেরি চলাচল করছে। আশা করি খুব দ্রুতই ট্রাকগুলো নদী পার হতে পারবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত