ঝিনাইদহের শৈলকুপা উপজেলার দলিলপুর থেকে সাথী খাতুন (১৯) নামে এক গৃহবধূর লাশ উদ্ধার করেছে পুলিশ। ঘটনার পর থেকে গৃহবধূর স্বামী সুজন বিশ্বাস পলাতক রয়েছে।
গতকাল শনিবার বেলা ১১টার দিকে উপজেলার দলিলপুর গ্রামে বাবার বাড়ি থেকে তার লাশ উদ্ধার করা হয়। সাথী খাতুন ওই গ্রামের গোলাম মোস্তফার মেয়ে।
সাথীর মা অমেলা বেগম জানান, ৬ মাস আগে পাশর্^বর্তী মাগুরা জেলার শহরের ঢালপাড়া গ্রামের বরকত বিশ্বাসের ছেলে সুজন বিশ্বাসের সঙ্গে সাথীর বিয়ে হয়। গত বুধবার জামাতা দলিলপুরে বেড়াতে আসে। গত শুক্রবার মেয়ে ও জামাতাকে রেখে কুষ্টিয়ার আমলায় স্বামীর কাছে ধান আনতে যান তিনি। সকালে প্রতিবেশীরা খবর দেয় তার মেয়ে মারা গেছে।
তিনি অভিযোগ করেন, সাথীকে শ্বাসরোধ করে হত্যা করে সুজন পালিয়েছে। তিনি বলেন, জামাতার কাছে ৯০ হাজার টাকা রেখে গিয়েছিলেন তিনি। ফিরে এসে ঘরে ওই টাকা তিনি পাননি। মেয়ের কানে দুল ছিল, তাও নেই। শৈলকুপা থানার ওসি জাহাঙ্গীর আলম জানান, সুজন বিশ্বাসকে আটকের জন্য অভিযান অব্যাহত রয়েছে।
