স্ত্রী মাহমুদা আক্তার মিতু হত্যা মামলার আসামি সাবেক পুলিশ সুপার বাবুল আক্তারকে চট্টগ্রাম থেকে ফেনীর কারাগারে পাঠানো হয়েছে।
শনিবার সকালে তাকে ফেনীতে পাঠানো হয় বলে জানান চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের জেলার দেওয়ান মো. তারিকুল ইসলাম।
তিনি জানান, ‘অবস্থানগত কারণে ও ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নির্দেশে’ বাবুল আক্তারকে ফেনী কারাগারে পাঠানো হয়েছে।
মাহমুদা খুন হওয়ার প্রায় পাঁচ বছর পর ১২ মে আলোচিত এই হত্যাকাণ্ডে বাবুল আক্তারকে গ্রেপ্তার করা হয়। ১৭ মে থেকে চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে ছিলেন তিনি। এর মধ্যে শারীরিক অসুস্থতার কথা জানিয়ে বাবুল আক্তারকে বাইরে হাসপাতালে চিকিৎসা দেওয়ার জন্য আবেদন করেছিলেন তার আইনজীবী। পরে আদালত এ বিষয়ে কারাবিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়ার নির্দেশ দেন।
২০১৬ সালের ৫ জুন চট্টগ্রাম নগরীর জিইসি মোড় এলাকায় ছেলেকে স্কুল বাসে তুলে দিতে গিয়ে খুন হন মাহমুদা। গত ১২ মে ওই ঘটনায় বাবুলের করা মামলার চূড়ান্ত প্রতিবেদন দেয় পিবিআই। সেদিনই চট্টগ্রাম নগরের পাঁচলাইশ থানায় বাবুল আক্তারসহ আটজনকে আসামি করে হত্যা মামলা করেন মাহমুদার বাবা মোশারফ হোসেন।
মাহমুদার বাবার করা মামলায় বাবুলকে গ্রেপ্তার করে পিবিআই। পরে তাকে পাঁচ দিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়। আদালতে হাজির করা হলে প্রথমে জবানবন্দি দিতে রাজি হলেও বিচারকের খাসকামরা থেকে জবানবন্দি না দিয়ে ফিরে আসেন বাবুল। আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
