চ্যাম্পিয়নস লিগের ফাইনালে ম্যানচেস্টার সিটির বিপক্ষে ১-০ গোলে এগিয়ে থেকে প্রথমার্ধ শেষ করেছে চেলসি। ম্যাচের ৪২ মিনিটে একমাত্র গোলটি করেছেন কাই হাভেরটজ।
পর্তুগালের পোর্তোতে শনিবার বাংলাদেশ সময় রাত ১টায় শুরু হয় ‘অল ইংলিশ’ ফাইনালটি। এবার শিরোপা জিতলে চেলসির হবে এটি দ্বিতীয় চ্যাম্পিয়নস লিগ শিরোপা। আর সিটি জিতলে তা হবে দলটির প্রথম শিরোপা।
বল পজিশনে প্রথমার্ধে এগিয়ে ছিল ম্যানসিটি। তবে সুযোগ বেশি তৈরি করেছে চেলসিই।
৩৮ মিনিটে অবশ্য বড়সড় ধাক্কা খায় চেলসি। ইনজুরির কারণে মাঠ ছাড়তে হয় ব্রাজিলিয়ান ডিফেন্ডার থিয়াগো সিলভাকে। তার বদলি হিসেবে নেমেছেন আন্দ্রেয়াস ক্রিস্টেনসেন।
এ মৌসুমে ইংলিশ প্রিমিয়ার লিগের শিরোপা জিতেছে ম্যানসিটি। চেলসি লিগ শেষ করেছে চতুর্থ স্থানে থেকে। চেলসি ও ম্যানসিটি গেল ছয় সপ্তাহের মধ্যে দু’বার মুখোমুখি হয়েছে। দু’বারই জিতেছে চেলসি। গেল ৮ মে প্রিমিয়ার লিগে ইতিহাদে চেলসি ২-১ গোলে হারায় সিটিকে। তার আগে ১৭ এপ্রিল এফএ কাপের সেমিফাইনালে ওয়েম্বলিতে ব্লুজরা ১-০ গোলে হারায় সিটিজেনদের। টমাস টুখেল চেলসির দায়িত্ব নেওয়ার পর এখনো তাকে হারাতে পারেননি পেপ গার্দিওলা। ফ্রাঙ্ক ল্যাম্পার্ড থাকাকালীন ৩ জানুয়ারি চেলসির মাঠে গিয়ে চেলসিকে শেষবার হারিয়েছিল সিটি।
ম্যানচেস্টার সিটি ও চেলসি সব প্রতিযোগিতা মিলে ১৬৮ বার মুখোমুখি হয়েছে। তাতে ৭০টি জিতেছে ব্লুজরা। ৫৯ জয় সিটির। বাকি ৩৯ ম্যাচ ড্র হয়। ইউরোপিয়ান প্রতিযোগিতায় এর আগে একবারই মুখোমুখি হয়েছিল চেলসি ও ম্যানসিটি। ১৯৭০-৭১ ইউরোপিয়ান কাপ ইউনার্স কাপের সেমিতে দেখা হয়েছিল দল দুটির। দুই লেগেই চেলসি ১-০ গোলে হারিয়েছিল ম্যানচেস্টার সিটিকে। পরের ফাইনালও জিতেছিল ব্লুজরা।
এবার চ্যাম্পিয়নস লিগ সেমিফাইনালে ম্যানচেস্টার সিটি প্রথম লেগে ২-১ এবং দ্বিতীয় লেগে ২-০ গোলে পিএসজিকে হারিয়ে ফাইনালে ওঠে। অপরদিকে চেলসি প্রথম লেগ রিয়ালের মাঠে ১-১ গোলে ড্র করে। দ্বিতীয় লেগে ২-০ গোলের জয়ে ওঠে ফাইনালে।
