জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) শহীদ সালাম-বরকত হলের তিনতলা থেকে পড়ে আব্দুস সোবহান (৩৫) নামে এক নির্মাণ শ্রমিক আহত হয়েছেন।
রবিবার বেলা ১১টার দিকে এ দুর্ঘটনা ঘটে বলে জানা গেছে। আহত আব্দুস সোবহান সাভারের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
শহীদ সালাম-বরকত হলের প্রাধ্যক্ষ অধ্যাপক ড. আলী আজম তালুকদার দেশ রূপান্তরকে বলেন, ‘আহত শ্রমিককে দ্রুত বিশ্ববিদ্যালয়ের চিকিৎসা কেন্দ্রে নেয়া হয়। সেখান থেকে সাভারের একটি বেসরকারি হাসপাতালে নেয়া হয়েছে। ওই শ্রমিকের মেরুদণ্ডের হাড় ভেঙে গেছে বলে শুনেছি। তার চিকিৎসা চলছে।’
বিশ্ববিদ্যালয়ের চিকিৎসাকেন্দ্রে কর্তব্যরত ডা. মোক্তার হোসেন বলেন, ‘আব্দুস সোবহান নামে এক শ্রমিক নির্মাণাধীন ভবন থেকে পড়ে গুরুতর আহত হয়েছেন। তাকে উন্নত চিকিৎসার জন্য সাভারের একটি হাসপাতালে পাঠানো হয়েছে।’
জানা যায়, করোনাভাইরাস পরিস্থিতিতে দীর্ঘদিন বন্ধ থাকা বিশ্ববিদ্যালয়ের আবাসিক হল সংস্কার কাজের অংশ হিসেবে শহীদ সালাম-বরকত হলে কাজ চলছিল। কাজ চলাকালীন তিনতলা থেকে পড়ে যান আব্দুস সোবহান। আহত অবস্থায় তাকে উদ্ধার করে বিশ্ববিদ্যালয়ের চিকিৎসা কেন্দ্রে নেয়া হয়। অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাকে সাভারের এনাম মেডিকেলে স্থানান্তর করা হয়।
সংস্কার কাজে নিয়োজিত শ্রমিকদের অভিযোগ, ঠিকাদার প্রতিষ্ঠান তাদের কোনো ধরনের নিরাপত্তা বেষ্টনীর ব্যবস্থা করেনি। ফলে ঝুঁকিপূর্ণ অবস্থায় তারা কাজ করতে বাধ্য হয়েছেন।
এ নিয়ে মেসার্স কালাম ট্রেডার্সের স্বত্বাধিকারী মো. কালামের সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি।
এ বিষয়ে শহীদ সালাম-বরকত হলের প্রাধ্যক্ষ বলেন, ‘শ্রমিকদের সব ধরণের নিরাপত্তা নিশ্চিতে সংশ্লিষ্টদের নির্দেশ দেয়া হয়েছিল।’
এর আগে গত বৃহস্পতিবার বিশ্ববিদ্যালয়ের নির্মাণাধীন ২২ নম্বর হল থেকে পড়ে শাহের আলী (২১) নামে এক শ্রমিকের মৃত্যু হয়। নিরাপত্তা বেষ্টনী না থাকার কারণেই এমন ঘটনা ঘটেছে বলে অভিযোগ তোলেন কর্মরত শ্রমিকরা।
নিহত শ্রমিকের পরিবারকে যথাযথ ক্ষতিপূরণ দেওয়া ও এ ঘটনায় কারো গাফিলতি থাকলে তাদের শাস্তির আওতায় আনার দাবি জানায় বিশ্ববিদ্যালয়ে ক্রিয়াশীল ছাত্র সংগঠনগুলো।
এ দাবিতে মানববন্ধনও করে ছাত্র ইউনিয়ন, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট, জাহাঙ্গীরনগর সাংস্কৃতিক জোট এবং সাধারণ শিক্ষার্থীরা।
