বিষাক্ত মদপানে যুবকের মৃত্যু, পরিবারের দাবি হত্যা

আপডেট : ৩০ মে ২০২১, ১১:২৩ পিএম

সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার তালম ইউনিয়নে বিষাক্ত মদপানে শরিফুল ইসলাম (২৮) নামে এক যুবকের মৃত্যু হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। তবে নিহতের স্ত্রীর দাবি, তার স্বামীকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে।

ইউনিয়নের গোন্তা গ্রামে শনিবার রাত ১১টার দিকে যুবক শরিফুল ইসলামের মৃত্যু হয়। তিনি ওই গ্রামের হাকিম ফকিরের ছেলে।

তালম ইউনিয়নের চেয়ারম্যান আব্বাস-উজ-জামান জানান, শরিফুল ইসলাম ও তার ৩ বন্ধু একই গ্রামের আলতাফ আলীর ছেলে আব্দুল হান্নান (২৬), সরবেশ আলীর ছেলে নজরুল ইসলাম (৩০), ও মৃত আলীমুদ্দির ছেলে দুদু মিয়ার(৩০) সাথে মদপান করে। এর কিছুক্ষণ পরে শরিফুল গুরুতর অসুস্থ হয়ে পড়ে। তাকে অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উদ্ধার করে । এর কিছুক্ষণ পর তার মৃত্যু হয়।

এ ঘটনায় নিহত শরিফুল ইসলামের স্ত্রী ডলি খাতুন অভিযোগ করে বলেন, ওই তিন বন্ধুই তার স্বামীর মৃত্যুও জন্য দায়ী। তারা পরিকল্পিত ভাবে বিষাক্ত মদপান করিয়ে তাকে হত্যা করেছে।

এ বিষয়ে তাড়াশ থানার ওসি মো. ফজলে আশিক বলেন, নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিরাজগঞ্জ বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ছাড়া এ ঘটনায় থানায় একটি ইউডি মামলা রেকর্ড করা হয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট হাতে পেলে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। তখন এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত