ঝালকাঠিতে ৩০ ব্যবসাপ্রতিষ্ঠান ও নয়টি বসতঘর পুড়ে ছাই

আপডেট : ৩১ মে ২০২১, ০১:২২ পিএম

ঝালকাঠিতে আগুনে পুড়ে ভস্মীভূত হলো ৩০টি ব্যবসাপ্রতিষ্ঠান ও ৯টি বসতঘর। সোমবার সকাল সাড়ে আটটার দিকে জেলার কাঠালিয়া উপজেলার কৈখালী বাজারে মোশারফের চায়ের দোকানের চুলা থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে জানিয়েছে স্থানীয় স্থানীয়রা।

মুহূর্তেই আগুন ছড়িয়ে পরে পুরো এলাকায়। এ সময় পুড়ে যায় ৩০টি ব্যবসাপ্রতিষ্ঠান এবং ক্ষতিগ্রস্ত হয় দোকানের সঙ্গে থাকা ৯টি বসতঘর।

স্থানীয়রা জানায়, সকালে মোশাররফের চায়ের দোকানের চুলার আগুন থেকে হঠাৎ করে কাঠের বেড়ায় আগুন লেগে মুহূর্তেই উপরের ছাউনিসহ পাশের দোকানগুলোতে আগুন ছড়িয়ে পড়ে।

পরে স্থানীয়রা ফায়ার সার্ভিসে খবর দিলে কাঠালিয়া দমকল বাহিনীর একটি ইউনিট এবং পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলা দমকল বাহিনীর একটি ইউনিট দেড় ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। এতে প্রায় তিন কোটি টাকার ক্ষয় ক্ষতি হয়েছে বলে জানিয়েছে বাজার কমিটি ও স্থানীয়রা।

মোবাইল ফোন ব্যবসায়ী বায়েজিদ হোসেন বলেন, গত বৃহস্পতিবার দোকানে নতুন মালামাল তুলেছি। আগুন এখন তাকে পথে বসিয়ে দিয়েছে।

ওষুধ বিক্রির প্রতিষ্ঠান মনির মেডিকেলের স্বত্বাধিকারী মন্নান খান বলেন, তিনি ব্যাংক লোনসহ স্থানীয় এনজিও থেকে লোন নিয়ে ব্যবসা করতেন, আগুনে তার সবকিছু পুড়ে ছাই হয়ে গেছে। এ ক্ষতি পুষিয়ে ওঠার আর্থিক অবস্থা তার নেই।

কাঠালিয়া ফায়ার সার্ভিসের স্টেশন মাস্টার খোরশেদ আলম বলেন, আগুনের খবর পেয়ে ঘটনাস্থলে সাথে সাথে ঘটনাস্থলে এসে কাজ শুরু করেছি। আগুনের তীব্রতা বেশি থাকলেও অল্প সময়ের মধ্যেই আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়েছি।

কাঠালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা পুলক চন্দ্র রায় বলেন, আগুনের ঘটনায় কাঠালিয়া থানা-পুলিশ কৈখালী বাজারের ঘটনাস্থল পরিদর্শন করেছে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত