রাজধানীর ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরো সায়েন্সেস ও হাসপাতাল (নিনস) কর্তৃপক্ষের দুর্নীতির ও অস্বাভাবিক দামে পণ্য কেনার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ করেছে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন।
সোমবার রাজধানীর আগারগাঁও অবস্থিত ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরো সায়েন্সেস ও হাসপাতালের সামনে এ বিক্ষোভ সমাবেশ করে সংগঠনটি।
রবিবার দেশ রূপান্তরে প্রথম পৃ্ষ্ঠায় ‘২৫০ টাকার সুই ২৫ হাজার’ শিরোনামে সংবাদ প্রকাশিত হয়। সমাজিক যোগাযোগ মাধ্যমসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ সরকারি ক্রয় সংক্রান্ত অনিয়ম নিয়ে ক্ষোভ প্রকাশ করেন। তারই অংশ হিসেবে ছাত্র ইউনিয়ন ঢাকা মহানগর সংসদ এ কর্মসূচি পালন করেন।
সমাবেশে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন কেন্দ্রীয় সংসদের সাধারণ সম্পাদক দীপক শীল বলেন, দেশে মেডিক্যাল মাফিয়াদের দৌরাত্ম্যে স্বাস্থ্য খাতে যে চলমান দুর্নীতি চলছে তার ধারাবাহিকতায় ন্যাশনাল ইনস্টিটিউট অব নিউরো সায়েন্সেস ও হাসপাতালের এ দুর্নীতি। মেডিক্যাল মাফিয়াদের যদি অবিলম্বে থামানো না যায় তা হলে বাংলাদেশের স্বাস্থ্য খাত ধ্বংস হয়ে যাবে।
তিনি বলেন, বর্তমান সরকার এই মেডিক্যাল মাফিয়াদের নিজেদের স্বার্থের জন্য লালন-পালন করছে। সরকার যদি এই মেডিক্যাল মাফিয়াদের অবিলম্বে নির্মূল না করে তা হলে ছাত্র ইউনিয়ন সাধারণ জনগণকে নিয়ে দুর্বার আন্দোলন গড়ে তুলবে।
সমাবেশে অন্যদের মধ্যে বক্তব্য দেন ঢাকা মহানগর সংসদের আহ্বায়ক অনুপম অমি, সদস্য প্রিতম ফকির , ঢাকা মহানগর সংসদের সদস্য ও বাংলাদেশ ছাত্র ইউনিয়ন কবি নজরুল কলেজ সংসদের সভাপতি শামিম হোসেন।
