নেত্রকোনার মদন উপজেলায় আসামিকে আদালতে আনার পথে হাতকড়া নিয়ে পালিয়েছে পলাশ (১৮) নামে এক আসামি। সে জেলার কেন্দুয়া উপজেলার কাউরাট গ্রামের মিলন মিয়ার ছেলে।
সোমবার দুপুরে থানা থেকে নেত্রকোনা জেলা আদালতে আনার পথে মদন উপজেলার মদন বাজার এলাকায় অটোরিকশা (সিএনজি) থেকে পালিয়ে যায় পলাশ। এ প্রতিবেদন লেখা পর্যন্ত (বিকেল সাড়ে ৪টার) আসামির সন্ধান পায়নি পুলিশ।
বিষয়টি নিশ্চিত করে মদন থানার ওসি ফেরদৌস আলম জানান, আসামিকে ধরতে পুলিশি অভিযান অব্যাহত আছে।
জানা যায়, গত রবিবার বিকেলে মদন উপজেলার কাইটাইল ইউনিয়নের খাগুরিয়া এলাকা থেকে চুরি করে আনা একটি গরুসহ পলাশকে আটক করে মদন থানা হেফাজতে দেয় স্থানীয়রা। তার বিরুদ্ধে মামলা দিয়ে আজ দুপুরে সিএনজি যোগে নেত্রকোনা আদালতে উদ্দেশ্যে রওনা দেয় মদন থানা-পুলিশ।
মুষলধারে বৃষ্টিতে পথের মধ্যে উপজেলার মদন বাজার এলাকায় সিএনজি আসলে পুলিশকে ফাঁকি দিয়ে হাতকড়া নিয়ে পালিয়ে যায় পলাশ।
