নোয়াখালীতে করোনা রোগীদের তাৎক্ষণিক চিকিৎসার উদ্যোগ

আপডেট : ০২ জুন ২০২১, ০১:০০ এএম

নোয়াখালী সদর উপজেলা পরিষদের পক্ষ থেকে করোনায় শ্বাসকষ্টজনিত রোগীদের তাৎক্ষণিক চিকিৎসাসেবা নিশ্চিত করার উদ্যোগ নেওয়া হয়েছে। এ লক্ষ্যে উপজেলার ইউনিয়ন উপস্বাস্থ্য কেন্দ্র এবং কমিউনিটি ক্লিনিকসমূহে অক্সিজেন সিলিন্ডার ও হাসপাতাল বেড বিতরণ করা হয়েছে। গতকাল মঙ্গলবার দুপুরে সদর উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তার কাছে এসব সামগ্রী হস্তান্তর করেন উপজেলা চেয়ারম্যান একেএম সামছুদ্দিন জেহান ও সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ফারহানা জাহান উপমা।

এ সময় উপজেলা চেয়ারম্যান জানান, সরকার ও উন্নয়ন সহযোগী সংস্থা জাইকার অর্থায়নে করোনা রোগীদের জন্য এ সেবা নিশ্চিত করা হয়েছে।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মাহবুবুর রহমান জানান, উপজেলা পরিষদের মাধ্যমে পাওয়া ৬ হাজার লিটারের ১৫টি এবং ১ হাজার ৪০০ লিটারের ১৫টি অক্সিজেন সিলিন্ডার ও ৬টি হাসপাতাল বেড ইউনিয়ন উপস্বাস্থ্য কেন্দ্র ও কমিউনিটি ক্লিনিকসমূহে স্থাপন করা হবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত