স্বাস্থ্যবিধি মেনে আবাসিক হল খুলে দিয়ে বিশ্ববিদ্যালয় সচল করার দাবিতে মানববন্ধন করেছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) শিক্ষার্থীরা।
বুধবার বেলা ১২টায় বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার সংলগ্ন সড়কে মানববন্ধন হয়।
সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে আয়োজিত এ মানববন্ধনে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ছাত্র সংগঠনের নেতাকর্মীরাও অংশগ্রহণ করেন।
মানববন্ধনে বিশ্ববিদ্যালয়ের আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের ৪৫তম ব্যাচের শিক্ষার্থী আবু নাহিয়ানের সঞ্চালনায় সরকার ও রাজনীতি বিভাগের ৪৫তম ব্যাচের শিক্ষার্থী তরিকুল আলম বলেন, ‘শিক্ষা মন্ত্রণালয় বিশ্ববিদ্যালয়ের হল এবং ক্যাম্পাস খোলার জন্য যে শর্ত দিয়েছে তার মধ্যে অন্যতম হলো শিক্ষার্থীদের টিকা প্রদান করা। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষক-কর্মচারী এবং অধিকাংশ শিক্ষার্থী টিকা নিয়েছে। তাহলে বিশ্ববিদ্যালয় খুলতে বাধা কোথায়?’
ছাত্র ইউনিয়ন জাবি সংসদের সাধারণ সম্পাদক রাকিবুল রনি বলেন, ‘বিশ্ববিদ্যালয় খোলার ব্যাপারে শিক্ষক সমিতির সভাপতি বলছেন যে হল নির্মাণ শেষ হলে বিশ্ববিদ্যালয় খুলবে। অন্যদিকে প্রকল্প পরিচালক বলছে জানুয়ারি-ফেব্রুয়ারির আগে হলগুলোতে শিক্ষার্থী ওঠানো সম্ভব না। শিক্ষার্থীদের অনেক দিনের দাবি শিক্ষাপ্রতিষ্ঠান খোলার, অথচ ক্যাম্পাস বন্ধের দেড় বছর পর শুনছি হল নির্মাণকাজ শেষ হলে বিশ্ববিদ্যালয় খুলে দেওয়া হবে।
এই কথা প্রমাণ করে, শুধুমাত্র করোনার কারণে বিশ্ববিদ্যালয় বন্ধ হয়ে আছে এ রকম না। বিশ্ববিদ্যালয়ে যে কাজ চলছে সেখানে যে দুর্নীতি চলছে সেই দুর্নীতির ধারা অব্যাহত রাখতেই বিশ্ববিদ্যালয় বন্ধ রাখা হয়েছে।’
মানববন্ধনে আরও বক্তব্য দেন জাহাঙ্গীরনগর সাংস্কৃতিক জোটের প্রচার সম্পাদক সাদিকুর রহমান, ছাত্র ফ্রন্টের জাবি শাখার সাধারণ সম্পাদক আবু সাঈদ ও ছাত্র অধিকার পরিষদের দপ্তর সম্পাদক ইকবাল হোসাইন।
