রংপুরের সদর উপজেলার সদ্যপুষ্করিণী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সোহেল রানা তার ভিজিটিং কার্ডে সরকারি লোগো ব্যবহার করছেন। এ কারণে তার বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ উঠেছে।
২০১২ সালের ৬ ফেব্রুয়ারি উপজেলা পরিষদ উপসচিব আকরাম আল হোসেন স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে বলা হয়, উপজেলা পরিষদ চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান, ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান সরকারি লোগো ব্যবহার করতে পারবে না।
উল্লেখ্য, ভিজিডি চাল আত্মসাতের গ্রেপ্তার হয়ে জামিনে থাকা চেয়ারম্যান সোহেল রানা দুস্থদের তালিকায় এবার রেখেছেন চাচি শাশুড়ি, শিক্ষক, ব্যাবসায়ীদের। এ ঘটনায় তার বিরুদ্ধে তদন্ত কমিটি গঠন করা হয়। তদন্ত কমিটি প্রতিবেদন দাখিল করে। তদন্ত প্রতিবেদনে তার অনিয়মের অভিযোগ সত্যতা মিলেছে বলে প্রশাসন সূত্র থেকে জানা গেছে।
চেয়ারম্যান সোহেল রানার ভিজিটিং কার্ডে সরকারি লোগো ব্যবহার বিষয়ে জেলা তথ্য অফিসার আলমগীর হোসেন দেশ রূপান্তরকে বলেন, চেয়ারম্যান ভিজিটিং কার্ডে সরকারি লোগো ব্যবহার করতে পারে না।
এ বিষয়ে জানতে চাইলে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা ইসরাত জাহান সুমি বলেন, প্রজ্ঞাপনে যদি চেয়ারম্যান সোহেল রানার সরকারের লোগো ব্যবহার করা নিষেধ থাকে তাহলে তিনি তা করতে পারেন না।
এ বিষয়ে জানতে চাইলে চেয়ারম্যান সোহেল রানার ফোনে যোগাযোগ করা হলে তিনি ফোন রিসিভ করেননি।
এখানে উল্লেখ্য, চেয়ারম্যান সোহেল রানা ইউনিয়ন কমিটি আওয়ামী লীগের বহিষ্কৃত সাংগঠনিক সম্পাদক।
