ছাত্রদলের সভায় চেয়ার ছোড়াছুড়ি, ক্ষুব্ধ নজরুল ইসলাম খান

আপডেট : ০২ জুন ২০২১, ১০:০৫ পিএম

দলের প্রতিষ্ঠাতা ও প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ৪০তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে ছাত্রদলের উদ্যোগে আয়োজিত আলোচনা সভায় চেয়ার ছোড়াছুড়ির ঘটনা ঘটেছে। এতে করে ক্ষুব্ধ প্রতিক্রিয়া ব্যক্ত করেন অনুষ্ঠানের প্রধান অতিথি বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান।

সভায় নজরুল ইসলাম খান ছাত্রদলের নেতা-কর্মীদের উদ্দেশে বলেন, ক্ষমতায় নিয়ে এলে আপনারা দেশ চালাতে পারবেন তো? আপনারা তো বিশ্ববিদ্যালয়ে লেখাপড়া করা ছেলে-মেয়ে। সুশৃঙ্খল হবেন না কেন?

জাতীয় প্রেসক্লাবের অডিটোরিয়ামে বুধবার বিকেলে আয়োজিত এই আলোচনা সভায় চেয়ার ছোড়াছুড়ির ঘটনায় বিচলিত হয়ে পড়েন উপস্থিত ছাত্রদলের নেতা-কর্মীদের অনেকে। বিক্ষিপ্তভাবে প্রায় ৭-৮ মিনিট ধরে বিবাদমানদের মধ্যে চেয়ার ছোড়াছুড়ির সময় জ্যেষ্ঠ নেতারা তাদের থামানোর চেষ্টা করেন।

খোঁজ নিয়ে জানা গেছে, ছাত্রদল কেন্দ্রীয় সংসদের সাংগঠনিক সম্পাদক সাইফ মাহমুদ জুয়েল ও মহানগর উত্তর ছাত্রদলের সভাপতি এস এম মিজানুর রহমান রাজের সমর্থকেরা অনুষ্ঠানে বসা নিয়ে বিরোধের জের ধরে চেয়ার ছোড়াছুড়িতে লিপ্ত হন। পরে জ্যেষ্ঠ নেতারা কর্মীদের শান্ত করেন।

এ বিষয়ে জানতে চাইলে জুয়েল রাতে দেশ রূপান্তরকে বলেন, আমি কেন্দ্রীয় নেতা। রাজ মহানগরের একটি ইউনিটের নেতা। তার সঙ্গে তো আমার দ্বন্দ্ব থাকার কথা নয়। আমি ছিলাম মঞ্চে। গত কয়েক দিন ধরে আমার সমর্থক নেতা–কর্মীদের সংখ্যা বেশি হওয়ায় অন্যরা ঈর্ষান্বিত হয়ে এমন ঘটনা ঘটিয়ে থাকতে পারে।

এ বিষয়ে কথা বলার জন্য রাজের মোবাইলে ফোন করা হলে তিনি সাড়া দেননি।

গত মঙ্গলবার ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে ছাত্রদলের উদ্যোগে আয়োজিত দরিদ্রদের মাঝে খাবার বিতরণ অনুষ্ঠানে ছাত্রলীগের নেতা-কর্মীদের হামলায় আহত হন সংগঠনটির কেন্দ্রীয় সভাপতি ফজলুর রহমান খোকন। এর একদিন পর নিজেরাই চেয়ার ছোড়াছুড়িতে লিপ্ত হলেন সংগঠনটির নেতা–কর্মীরা।

এ সময় ছাত্রদলের কর্মীদের উদ্দেশে নজরুল ইসলাম খান বলেন, আপনারা যদি সুশৃঙ্খল না হয়ে দলকে শক্তিশালী না করেন, আমরা মরে গেলে তো মিলাদ করানোর কেউ থাকবে না। শহীদ জিয়ার কথা কে স্মরণ করবে, খালেদা জিয়ার কথা কে স্মরণ করবে? যে তারেক রহমানকে আপনারা ভাইয়া বলে সম্বোধন করেন তাকে কে দেশে ফিরিয়ে আনবে?

তিনি বলেন, বিএনপি কখনো জোর করে ক্ষমতা দখল করেনি। বারবার জনগণ বিএনপিকে ক্ষমতায় এনেছে। আবারও জনগণ বিএনপিকে ক্ষমতায় নিয়ে আসতে চায়, সুযোগ পেলেই নিয়ে আসবে।

সভায় উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির প্রচার সম্পাদক ও সাবেক সংসদ সদস্য শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি, যুবদল কেন্দ্রীয় সংসদের সাধারণ সম্পাদক সুলতান সালাহউদ্দিন টুকুসহ ছাত্রদলের নেতৃবৃন্দ। সভাপতিত্ব করেন ছাত্রদলের সভাপতি ফজলুর রহমান খোকন এবং পরিচালনা করেন সাধারণ সম্পাদক ইকবাল হোসেন শ্যামল।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত