২০২১-২২ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি (আইসিটি) বিভাগের জন্য ১ হাজার ৭২১ কোটি টাকা বরাদ্দ প্রস্তাব করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার জাতীয় সংসদে বাজেট প্রস্তাব তুলে ধরেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল।
বাজেট প্রস্তাবে তথ্যপ্রযুক্তি বিভাগ গত অর্থবছরের চেয়ে ৬৯০ কোটি টাকা বেশি পেয়েছে। গত অর্থবছরে তথ্যপ্রযুক্তি বিভাগকে এককভাবে বরাদ্দ দেওয়া হয়েছিল ১ হাজার ৪১৫ কোটি টাকা, সংশোধিত বাজেটে পরে এর পরিমাণ দাঁড়িয়েছিল ১ হাজার ৩১ কোটি টাকা। গত অর্থবছরের সংশোধিত বাজেটের তুলনায় এবার আইসিটি খাতে ৬৬ শতাংশ বেশি প্রস্তাব করা হয়েছে। এবারের প্রস্তাবিত বাজেটে পরিচালন ৩৫৮ কোটি টাকা এবং উন্নয়ন ১৩৬২ কোটি টাকা রাখা হয়েছে।
উল্লেখ্য, অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামালের এটি তৃতীয়, আওয়ামী লীগ সরকারের টানা ১৩তম এবং বাংলাদেশের ৫০তম বাজেট। এবারের অধিবেশনের সভাপতিত্ব করেন স্পিকার ড. শিরীন শারমীন চৌধুরী। মন্ত্রী লিখিত বক্তব্য ও ডিজিটাল স্ক্রিনের মাধ্যমে বাজেট পেশ করেন। ২০২১-২২ অর্থবছরে প্রস্তাবিত বাজেটের আকার ৬ লাখ ৩ হাজার ৬৮১ কোটি টাকা।
