নরসিংদীর আরশীনগর পার্ক ও মিনি চিড়িয়াখানায় গত বৃহস্পতিবার অভিযান চালিয়ে অবৈধভাবে আটকে রাখা বিভিন্ন প্রজাতির ৩৮টি পাখি ও প্রাণী উদ্ধার করেছে বন্যপ্রাণী অপরাধ দমন ইউনিট। পরে ওইদিন মধ্যরাতে সেগুলো গাজীপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্কে হস্তান্তর করা হয়েছে।
উদ্ধার হওয়া প্রাণী ও পাখিগুলোর মধ্যে রয়েছে একটি ভালুক, একটি অজগর সাপ, দুটি বালি হাঁস, ১৩টি বক, চারটি বানর, একটি গন্ধগোকুল, একটি শকুন, একটি চিল ও পাঁচটি সজারু।
বন্যপ্রাণী অপরাধ দমন ইউনিটের পরিচালক মো. জহির আকন জানান, গোপন খবরের ভিত্তিতে নরসিংদীর সদর থানা এলাকার আরশীনগর পার্ক ও মিনি চিড়িয়াখানা পরিদর্শনে গিয়ে সেখানে অবৈধভাবে বেশকিছু দেশি-বিদেশি পাখি ও বন্যপ্রাণী খাঁচায় আটক অবস্থায় দেখতে পান। পরে ওই মিনি চিড়িয়াখানা কর্তৃপক্ষকে বন্যপ্রাণী সংরক্ষণ ও নিরাপত্তা আইন ২০১২ এবং দেশীয় বন্যপ্রাণী খাঁচায় বন্দি করে রাখা দ-ণীয় অপরাধÑ এ সম্পর্কে জানানো হয়।
মিনি চিড়িয়াখানা কর্তৃপক্ষ আইন না জেনে বন্যপ্রাণীগুলোকে আটক রাখার কথা স্বীকার করলে পাখি-প্রাণীগুলোকে তাদের কাছে হস্তান্তর করতে বলা হয়। অন্যথায় তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে জানালে তারা মিনি চিড়িয়াখানার ওইসব পাখি-প্রাণী বন্যপ্রাণী অপরাধ দমন ইউনিটের কাছে স্থানান্তর করে। পরে এগুলোকে উদ্ধার করে বৃহস্পতিবার গাজীপুরের বঙ্গবন্ধু শেখ মুজিব সাফারি পার্ক কর্তৃপক্ষের কাছে হস্তান্তর করা হয়েছে।
এ সময় পার্কের ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. তবিবুর রহমান, বন্যপ্রাণী ও জীববৈচিত্র্য সংরক্ষণ কর্মকর্তা রথীন্দ্র কুমার বিশ্বাস, বন্যপ্রাণী ও অপরাধ দমন ইউনিটের পরিদর্শক অসীম কুমার মল্লিক, পার্কের ওয়াইল্ড লাইফ সুপারভাইজার মো. আনিসুর রহমান, মো. সারোয়ার হোসেন খান প্রমুখ উপস্থিত ছিলেন।
