ইউনেসকো কনভেনশনের আন্তঃরাষ্ট্রীয় কমিটিতে নির্বাচিত বাংলাদেশ

আপডেট : ০৫ জুন ২০২১, ০১:৩২ পিএম

ইউনেসকোর সাংস্কৃতিক বৈচিত্র্য শীর্ষক ২০০৫ কনভেনশনের আন্তঃরাষ্ট্রীয় কমিটিতে ২০২১-২০২৫ মেয়াদে প্রথমবারের নির্বাচিত হয়েছে বাংলাদেশ।

১ থেকে ৪ জুন ভার্চ্যুয়ালি অনুষ্ঠিত কনভেনশনের সদস্য রাষ্ট্রের অষ্টম সাধারণ সভায় নির্বাচন অনুষ্ঠিত হয় এবং সেখানে সর্বসম্মতিক্রমে এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চল থেকে বাংলাদেশ নির্বাচিত হয়।

এক বিজ্ঞপ্তিতে এ সব তথ্য জানিয়েছে সংস্কৃতি মন্ত্রণালয়।

নির্বাচনে ২৪ সদস্য রাষ্ট্রের মধ্যে ১২টি পরবর্তী চার বছরের জন্য নির্বাচিত হয়। অন্য দেশগুলো হলো ফ্রান্স, নরওয়ে, জর্জিয়া, সার্বিয়া, কিউবা, জামাইকা, ভিয়েতনাম, বুরুন্ডি, মাদাগাস্কার, সংযুক্ত আরব আমিরাত ও ফিলিস্তিন।

মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে বলা হয়, ইউনেসকোতে সৃজনশীল অর্থনীতি ক্ষেত্রের কর্মকান্ড সমন্বিত হয় ২০০৫ কনভেনশনের মাধ্যমে। যেহেতু ‘সৃজনশীল অর্থনীতি ক্ষেত্রে ইউনেসকো-বাংলাদেশ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আন্তর্জাতিক পুরস্কার’ প্রবর্তনের মাধ্যমে বাংলাদেশ এ বিষয়ে বৈশ্বিক পরিমণ্ডলে নেতৃত্বের অবস্থানে এসেছে, তাই এ বিষয়ে আন্তঃরাষ্ট্রীয় কমিটিতে বাংলাদেশের নির্বাচিত হওয়া বিশেষ তাৎপর্য বহন করে।

নির্বাচিত হওয়ার পর ফ্রান্সে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত ও ইউনেসকোতে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি কাজী ইমতিয়াজ হোসেন ২০০৫ কনভেনশনের সব সদস্য রাষ্ট্রকে বাংলাদেশের প্রতি আস্থা রাখার জন্য ও আন্তঃরাষ্ট্রীয় কমিটিতে প্রতিনিধিত্ব করার সুযোগ দেওয়ায় কৃতজ্ঞতা প্রকাশ করেন।

এ সময় তিনি ২০০৫ কনভেনশনের বাস্তবায়নে বাংলাদেশের প্রতিশ্রুতির কথা তুলে ধরেন।

সমাপনী বক্তব্যে ইউনেসকোর সংস্কৃতি সেক্টরের সহকারী মহাপরিচালক আর্নেস্ট রেনাটো ওটোন বাংলাদেশকে সৃজনশীল অর্থনীতি ক্ষেত্রে ইউনেসকো-বাংলাদেশ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আন্তর্জাতিক পুরস্কার প্রবর্তনে এগিয়ে আসায় ধন্যবাদ জ্ঞাপন করে সব সদস্য রাষ্ট্রকে মনোনয়ন প্রদান এবং সৃজনশীল অর্থনীতি ক্ষেত্রে অবদান রাখা ব্যক্তিদের উৎসাহিত করার মহতি উদ্যোগে স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের আহ্বান জানান। 

‘সৃজনশীল অর্থনীতি ক্ষেত্রে ইউনেসকো-বাংলাদেশ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আন্তর্জাতিক পুরস্কার’ প্রথমবারের মতো নভেম্বরে অনুষ্ঠেয় ইউনেসকোর ৪১তম সাধারণ সভায় প্রদান করা হবে।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত