মালিবাগে বিদ্যুতের তারে বজ্রপাত, ৩ জনের মৃত্যু

আপডেট : ০৫ জুন ২০২১, ০৬:২২ পিএম

ঢাকার মালিবাগে শনিবার দুপুরে বজ্রপাতের সময় দুই বোনসহ তিনজন নিহত হয়েছেন।

বৃষ্টির সময় বেলা দুইটা থেকে আড়াইটার মধ্যে মালিবাগ এলাকার চৌধুরী পাড়ার সোনা মিয়া গলিতে এ ঘটনা ঘটে বলে জানিয়েছে পুলিশ।

তবে শিশুদের উদ্ধার করা ব্যক্তি ও পুলিশ কেউই নিশ্চিত করে বলতে পারেননি এই তিনজনের মৃত্যু বজ্রপাতে নাকি  বিদ্যুৎস্পৃষ্টে হয়েছে। 

হাতিরঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবদুর রশীদ বলেন, ‘বিদ্যুতের পিলারের তারের ওপর বজ্রপাত হয়েছে। এতে তার ছিঁড়ে যায়। পাশে লোহার গেট ছিল। সেখানে একজন বৃদ্ধ ছিলেন এবং দুটি বাচ্চা মেয়ে খেলছিল। তিনজনই মারা গেছেন।’

নিহতদের নাম পাখি (৯), সোমা (১২) এবং আবদুল হক নামের একজন বৃদ্ধ।

প্রতিবেশী হাবিবুর রহমান জানান, তিনি পাখিকে একজন সিএনজি অটোরিকশাচালকের সহায়তায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান।

তিনি জানান, বাইরে পানি জমে ছিল। সেখানে বাচ্চা দুটি খেলছিল। সেখানেই এ ঘটনা ঘটে। বাচ্চাটার শরীরে কোনো দাগ নাই। বলা যাচ্ছে না, কীভাবে মারা গেছে।

শিশু দুটির মা পোশাক কারখানায় কাজ করেন আর বাবা রিকশাচালক। ঘটনার সময় কেউই বাসায় ছিলেন না।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত