১৮ দিন রিমান্ড শেষে কাশিমপুর কারাগারে মামুনুল হক

আপডেট : ০৫ জুন ২০২১, ০৬:২৪ পিএম

নারায়ণগঞ্জে ১৮ দিন রিমান্ড শেষে কাশিমপুর কারাগারে পাঠানো হয়েছে হেফাজতে ইসলামের বিলুপ্ত কেন্দ্রীয় কমিটির যুগ্ম মহাসচিব ও ঢাকা মহানগরীর সাধারণ সম্পাদক মাওলানা মামুনুল হককে। শনিবার দুপুর সাড়ে ১২টার দিকে তাকে নারায়ণগঞ্জ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট কাউছার আলমের আদালতে হাজির করে আবার রিমান্ড আবেদন না করায় আদালত তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন। 

নারায়ণগঞ্জ কোর্ট পুলিশের পরিদর্শক আসাদুজ্জামান জানান, গত ১৮ মে কাশিমপুর কেন্দ্রীয় কারাগার থেকে মামুনুল হককে রিমান্ডে আনা হয়। প্রথম তিন দিন কথিত দ্বিতীয় স্ত্রী জান্নাত আরা ঝর্ণা সম্পর্কে মামুনুল হককে জিজ্ঞাসাবাদ করা হয়। এরপর পর্যায়ক্রমে সোনারগাঁ ও সিদ্ধিরগঞ্জ থানার পৃথক আরো পাঁচ মামলায় পুলিশ, সিআইডি ও পিবিআই মামুনুল হককে জিজ্ঞাসাবাদ করে। ছয়টি মামলায় ছয়জন তদন্তকারী কর্মকর্তা জিজ্ঞাসাবাদ করেন। 

কোনো মামলায় মামুনুল হক আদালতে দোষ স্বীকার করে জবানবন্দি দেননি।

তিনি জানান, মামুনুল হকের বিরুদ্ধে সোনারগাঁ থানায় দায়ের করা ধর্ষণ ও সহিংসতার তিন ও সিদ্ধিগঞ্জ থানায় দায়ের করা নাশকতার দুটিসহ পাঁচ মামলায় ১২ মে তিন দিন করে মোট ১৫ দিনের রিমান্ড মঞ্জুর করে আদালত। এরপর সিদ্ধিরগঞ্জ থানায় দায়ের করা হরতালে নাশকতার আরেকটি মামলায় ১৭ মে তিন দিনের রিমান্ড মঞ্জুর করে আদালত। ১৮ মে মামুনুল হককে নারায়ণগঞ্জে এনে ১৮ দিন রিমান্ডে জিজ্ঞাসাবাদ করা হয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত