গুঞ্জন ছিল জিম্বাবুয়ে সফরে ছুটি চাইতে পারেন একাধিক সিনিয়র ক্রিকেটার। তা সত্যি করে মুশফিকুর রহিম সবার আগে ছুটি চেয়েছেন। আসন্ন সফরে টি-টোয়েন্টি খেলতে চান না তিনি। গতকালই ক্রিকেট বিসিবির কাছে ছুটির আবেদন করেছেন মুশফিক। ক্রিকেট অপারেশন্স পরবর্তী সিদ্ধান্ত নেবে।
গতকাল মুশফিকের ছুটির আবেদনের বিষয়টি জানিয়ে প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নান্নু বলেন, ‘মুশফিক আজ (সোমবার) আমাকে কল করেছে। সে জিম্বাবুয়েতে টি-টোয়েন্টি সিরিজে খেলতে চায় না। এ ব্যাপারে এখনই কোনো সিদ্ধান্ত নিইনি। সিদ্ধান্ত নেবে ক্রিকেট অপারেশন্স। তাদের পরামর্শ মতো আমরা ওকে বাদ দিয়ে বা রেখে দল নির্বাচন করব।’
জিম্বাবুয়ে সফরে একমাত্র টেস্ট হবে ৭-১১ জুলাই বুলাওয়োতে। এরপর ১৬-২০ জুলাই তিন ওয়ানডে খেলার পর হারারেতেই ২৩-১৭ জুলাই তিনটি টি-২০ খেলবে বাংলাদেশ। ওই সময়ে বিশ্রাম নিয়ে দেশের মাটিতে অস্ট্রেলিয়ার বিপক্ষে টি-টোয়েন্টিতে তাকে দলে বিবেচনা করার কথা জানিয়েছেন মুশফিক।
