রাজধানীর যাত্রাবাড়ীতে নারিকেলের ভেতরে হেরোইন পাচারের সময় মাদক কারবারি মা ও মেয়েকে গ্রেপ্তার করেছে র্যাব ১০। গতকাল বুধবার সন্ধ্যায় র্যাব-১০ এর সিনিয়র সহকারী পুলিশ সুপার কামরুল হাসান এ তথ্য জানান।
তিনি বলেন, র্যাব সদস্যরা উত্তর যাত্রাবাড়ী এলাকায় অভিযান চালিয়ে নারিকেলের ভেতরে কৌশলে হেরোইন পাচারের সময় দুই নারীকে গ্রেপ্তার করে। তারা হলো, আসমা (৪০) ও সাফিয়া খাতুন (৭০)। তাদের কাছ থেকে মাদক, ১টি মোবাইল ফোন ও নগদ ৪৭৫ টাকা জব্দ করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, গ্রেপ্তার নারীরা পেশাদার মাদক কারবারি। তারা বেশ কিছুদিন ধরে ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় হেরোইনসহ অন্যান্য মাদকদ্রব্য সরবরাহ করে আসছিল বলে জানা যায়। তাদের বিরুদ্ধে মামলা হয়েছে।
