বিশ্ব স্বাস্থ্য সংস্থার ছাড়পত্র না পাওয়ায় করোনার ভ্যাকসিন কোভ্যাক্সিন নিয়ে এখন বিপাকে পড়েছেন বিদেশে পড়াশোনা বা চাকরি করতে যেতে চাওয়া অনেক ভারতীয়।
টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে, স্বদেশি প্রতিষেধক কোভ্যাক্সিনের দুটি ডোজ নিয়ে বিদেশে চলে গেছেন বা যাওয়ার জন্য ভিসার আবেদন করেছেন তাদের এখন ডব্লিউএইচও স্বীকৃত প্রতিষেধক নেওয়ার জন্য ফের নির্দেশনা জারি করেছে সৌদি আরব, ব্রিটেন, যুক্তরাষ্ট্রের মতো দেশ।
ইতিমধ্যে যারা সৌদি আরবে পা রেখেছেন, তাদের ১৪ দিনের কোয়ারেন্টাইনে থেকে সে দেশে ডব্লিউএইচও স্বীকৃত কোনো প্রতিষেধক নিতে নির্দেশ দিয়েছে সরকার।
এই পরিস্থিতিতে বৃহস্পতিবার কোভ্যাক্সিনের নির্মাতা ভারত বায়োটেক জানিয়েছে, তারা ইতিমধ্যেই স্বীকৃতির জন্য আবেদন করেছেন।
জুলাই মাসে মানবদেহে কোভ্যাক্সিন প্রয়োগের তৃতীয় দফার ফলাফল হাতে আসবে। সংস্থার আশা সেই রিপোর্ট হাতে এলে স্বীকৃতি পেতে সমস্যা হবে না। তারপরে মানবদেহে চতুর্থ দফার পরীক্ষা শুরু করবে সংস্থাটি।
ভারতে এখন কোভিশিল্ড ও কোভ্যাক্সিনের মাধ্যমে টিকাদান চলছে। এর মধ্যে অক্সফোর্ড-অ্যাস্ট্রাজেনেকা সংস্থার কোভিশিল্ড প্রতিষেধক ডব্লিউএইচও স্বীকৃত। তাই কোভিশিল্ড যারা নিয়েছেন তাদের বিদেশে যেতে কোনো সমস্যা হচ্ছে না।
