আলোচিত নুসরাত জাহান রাফি হত্যাকাণ্ডের ঘটনার পর বাতিল হওয়া সোনাগাজী ইসলামিয়া ফাজিল (ডিগ্রি) মাদ্রাসাকে পরীক্ষা কেন্দ্র কিসেবে পুনর্বহাল করেছে মাদ্রাসা শিক্ষা বোর্ড। একই সঙ্গে শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিতে পরীক্ষা সংশ্লিষ্টদের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে।
বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড ঢাকার পরীক্ষা নিয়ন্ত্রক মো. কামাল উদ্দিন স্বাক্ষরিত চিঠিতে এ তথ্য পাওয়া গেছে।
বৃহস্পতিবার বিকেলে তার স্বাক্ষরিত চিঠিটি ফেনী জেলা প্রশাসক ও সোনাগাজী উপজেলা নির্বাহী কর্মকর্তাসহ সংশ্লিষ্ট দপ্তরে পৌঁছানো হয়।
চিঠিতে উল্লেখ করা হয়, উপজেলা সদরে অবস্থিত সোনাগাজী-১ (কেন্দ্র কোড-৬৪৫) কেন্দ্রে ২০১৯ সালে আলোচিত মাদ্রাসাছাত্রী নুসরাত জাহান রাফি হত্যাকাণ্ড সংঘটিত হয়। এ ঘটনাটি দেশে-বিদেশে ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে। পরীক্ষাকেন্দ্রে পরীক্ষার্থীদের নিরাপত্তা প্রদান করা কেন্দ্র কর্তৃপক্ষের দায়িত্ব। কিন্তু কেন্দ্র কর্তৃপক্ষ পরীক্ষার্থীদের নিরাপত্তা দিতে ব্যর্থ হওয়ায় সোনাগাজী ইসলামিয়া ফাজিল (ডিগ্রি) মাদ্রাসা কেন্দ্রের ভেন্যুটি বাতিল করে মতিগঞ্জ আর.এম.হাট উচ্চ বিদ্যালয়ে পরীক্ষার ভেন্যু নির্বাচন করা হয়।
ওই ভেন্যুটি উপজেলার সদর থেকে চার কিলোমিটার দূরে হওয়ায় ফেনী জেলা প্রশসক ও উপজেলা নির্বাহী কর্মকর্তা সোনাগাজী মাদ্রাসার ভেন্যুটি পুনর্বহালের সুপারিশ করেন।
তারা সুপারিশে উল্লেখ করেছেন ভেন্যুটি পুনর্বহাল হলে পৌরসভা, চরচান্দিয়া, চরদরবেশ ও সোনাগাজী সদর ইউনিয়নের ১০ মাদ্রাসার শিক্ষার্থীদের পরীক্ষায় অংশগ্রহণ সুবিধাজনক হবে। তাদের সুপারিশের ভিত্তিতে মাদ্রাসা শিক্ষাবোর্ড পরীক্ষা কেন্দ্রের ভেন্যুটি পুনর্বহাল করে।
সোনাগাজী ইসলামিয়া ফাজিল (ডিগ্রি) মাদ্রাসার অধ্যক্ষের বিরুদ্ধে দায়ের করা যৌন নিপীড়নের মামলা প্রত্যাহার না করায় ২০১৯ সালের ৬ এপ্রিল পরীক্ষার হল থেকে ডেকে নিয়ে আলিম পরীক্ষার্থী এবং ওই মাদ্রাসার ছাত্রী নুসরাত জাহান রাফিকে ছাদে ডেকে নিয়ে তার হাত-পা বেঁধে আগুন ধরিয়ে দেওয়া হয়। চার দিন পর ১০ এপ্রিল ঢাকা মেডিক্যল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় মারা যায় রাফি। ওই মামলায় অধ্যক্ষসহ ১৬ আসামির মৃত্যুদণ্ডের আদেশ দেন আদালত। উচ্চ আদালতে আসামিদের করা আপিল শুনানির অপেক্ষায় রয়েছে। ১৬ আসামিই কারাগারে রয়েছেন।
