২৩৮ কোটি টাকায় বেজোসের সঙ্গে মহাকাশযাত্রা

আপডেট : ১৩ জুন ২০২১, ০৫:১৭ পিএম

মহাকাশ যাত্রায় অ্যামাজন প্রধান জেফ বেজোসের সঙ্গী হতে ২৮ মিলিয়ন ডলার বা প্রায় ২৩৮ কোটি টাকা খরচ করছেন এক ব্যক্তি। নিলামে জিততে তাকে এই পরিমাণ দর হাঁকাতে হয়েছে।

বেজোসের প্রতিষ্ঠান ব্লু অরিজিন কোম্পানি শনিবার এই নিলামের আয়োজন করে। নিলামের শর্তে আগেই বলা ছিল, জয়ী ব্যক্তির নাম পরে বলা হবে।

১৪০টির বেশি দেশ থেকে আগ্রহীরা এই নিলাম প্রক্রিয়ায় অংশ নেন।

এই মহাকাশযানের অন্য যাত্রীরা হলেন, মার্ক, তিনি বেজোসের ভাই এবং নাম প্রকাশ না করা একজন মহাকাশ পর্যটক।

প্রায় একমাস ধরে চলা নিলাম প্রক্রিয়ায় এর আগ পর্যন্ত সবচেয়ে বেশি দর উঠেছিল পাঁচ মিলিয়ন ডলারের নিচে। কিন্তু শনিবারের নিলামে সেই দর পাঁচ গুণের বেশি হয়ে যায়।

এই নিলামে পাওয়া অর্থ ব্লু অরিজিনের ফাউন্ডেশনকে দেয়া হবে বলে একটি টুইটার বার্তায় জানানো হয়েছে।

ফোর্বস ম্যাগাজিনের তথ্য অনুসারে, জেফ বেজোসের মোট সম্পদের পরিমাণ ১৮ হাজার ৬০০ কোটি ডলারের বেশি, যা তাকে বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তিতে পরিণত করেছে।

এই সপ্তাহের শুরুর দিকে ইনস্টাগ্রামে একটি পোস্টে তিনি লিখেছেন, ‘জুলাই মাসের ২০ তারিখে আমার ভাইয়ের সঙ্গে এই যাত্রা শুরু করব। সবচেয়ে সেরা অভিযান, আমার প্রিয় বন্ধুর সঙ্গে। ''

ব্লু অরিজিন ওয়েবসাইটের তথ্য অনুসারে, নিউ শেফার্ড বুস্টার নামের মহাকাশযানটি তাদের পৃথিবী থেকে অন্তত ১০০ কিলোমিটার উপরে নিয়ে যাবে, যেখানে তারা ভর শূন্যতা উপভোগ করতে পারবেন। ছয়জনের উপযোগী ওই ক্যাপসুলটি পরে প্যারাসুট ব্যবহার করে পৃথিবীতে নেমে আসবে।

সব মিলিয়ে এই ভ্রমণের মেয়াদ হবে ১০ মিনিট।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত