কাফ ইনজুরির কারণে কোপা আমেরিকার গ্রুপ পর্বে খেলা হচ্ছে না চিলিয়ান তারকা স্ট্রাইকার অ্যালেক্সিস সানচেজের। এ কারণে তিনি দলের সঙ্গে ব্রাজিল সফরে যাচ্ছেন না।
চিলি দলের পক্ষে এক বিবৃতিতে এই বিষয় নিশ্চিত করে জানানো হয়েছে, ৩২ বছর বয়সী সানচেজ অনুশীলন সেশনে পেশির ইনজুরিতে পড়েছেন। এ সম্পর্কে বিস্তারিত আর কিছুই তারা জানায়নি।
বিবৃতিতে আরো বলা হয়েছে, সানচেজের পুরোপুরি সুস্থ হতে কোপা আমেরিকার গ্রুপ পর্ব পেরিয়ে যাবে। সে কারণে তাকে জাতীয় দলের মেডিকেল স্টাফরা চিলিতেই থাকার পরামর্শ দিয়েছেন।
সোমবার রিও ডি জেনিরোরা নিল্টন সান্তোস স্টেডিয়ামে আর্জেন্টিনার বিপক্ষে ম্যাচ দিয়ে কোপা আমেরিকা অভিযান শুরু করবে চিলি।
তার আগে বাংলাদেশ সময় রবিবার রাতে ব্রাসিলিয়ায় মানে গারিঞ্চা স্টেডিয়ামে ভেনিজুয়েলার বিপক্ষে স্বাগতিক ব্রাজিলের ম্যাচ দিয়ে দক্ষিণ আমেরিকান সর্বোচ্চ এই ফুটবল টুর্নামেন্ট শুরু হবে।
