সংসদীয় কমিটির পুনর্গঠন: আইনের সভাপতি শহীদুজ্জমান, বিদ্যুতে ওয়াসিকা

আপডেট : ১৪ জুন ২০২১, ০১:৩৬ পিএম

আইন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি করা হয়েছে ন‌ওগাঁ- ২ আসনের এমপি শহীদুজ্জামান সরকারকে। এছাড়া বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি করা হয়েছে সংরক্ষিত নারী আসনের সদস্য ওয়াসিকা আয়শা খানকে।

সোমবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষে সংসদে প্রধান হুইপ নূর-ই আলম চৌধুরী সংসদীয় কমিটি পুনর্গঠনের প্রস্তাব দিলে তা গ্রহণ করা হয়।

কুমিল্লা- ৫ আসনের এমপি আবদুল মতিন খসরু মারা যাওয়ায় আইন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটি পুনর্গঠন করা হয়।

তিনি এর আগে বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি ছিলেন। কিন্তু এটা পরিবর্তন করে সেখানে সংরক্ষিত আসনের এমপি ওয়াসিকা আয়শা খানকে সভাপতি করা হয়েছে।

এই দুই সংসদীয় কমিটি ছাড়াও এ দিন ধর্ম এবং বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটি পুনর্গঠন করা হয়েছে।

আইন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটিতে নতুন করে সেলিম আলতাফ জর্জ সদস্য হিসেবে মনোনীত হয়েছেন। আর ধর্ম মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটিতে ধর্ম প্রতিমন্ত্রী ফরিদুল হক খান সদস্য হিসেবে মনোনীত হয়েছেন।

অবশ্য ধর্ম মন্ত্রণালয় কমিটির সদস্য মরহুম মাহমুদ উস সামাদ চৌধুরীর স্থলে এখনো কাউকে স্থলাভিষিক্ত করা হয়নি।

বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির মৃত্যুবরণকারী সদস্য আসলামুল হক আসলামের স্থলে সংরক্ষিত আসনের কানিজ ফাতেমা আহমেদ সদস্য মনোনীত হয়েছেন।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত