গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করেছেন বিমানবাহিনীর নবনিযুক্ত প্রধান এয়ার মার্শাল শেখ আবদুল হান্নান। গতকাল সোমবার দুপুরে সমাধিতে পুষ্পস্তবক অর্পণ শেষে ১৯৭৫ সালের ১৫ আগস্ট বঙ্গবন্ধু ও তার পরিবারের শহীদদের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করেন তিনি।
শ্রদ্ধা নিবেদনকালে বীরশ্রেষ্ঠ মতিউর রহমান বিমান ঘাঁটি যশোরের ফ্লাইট লেফটেন্যান্ট নাজমুলের নেতৃত্বে একটি দল তাকে গার্ড অব অনার প্রদান করে। এ সময় বিউগলে বেজে ওঠে করুণ সুর। শ্রদ্ধা নিবেদন শেষে তিনি বঙ্গবন্ধু ভবনে রক্ষিত পরিদর্শন বইয়ে মন্তব্য লিখে স্বাক্ষর করেন।
এ সময় এসএস মেইনটেনেন্স এয়ার ভাইস মার্শাল সাদ উদ্দিন আহমেদ, বীরশ্রেষ্ঠ মতিউর রহমান বিমান ঘাঁটি যশোরের অধিনায়ক এয়ার ভাইস মার্শাল কামরুল ইসলাম, গ্রুপ ক্যাপ্টেন মো. মাহাফুজ উদ্দিন উপস্থিত ছিলেন।
