চিত্রনায়িকা পরীমণিকে ধর্ষণ ও হত্যাচেষ্টার অভিযোগে অভিযুক্ত জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য নাসির উদ্দিন মাহমুদ দোষী সাব্যস্ত হলে দলগতভাবে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন জাতীয় পার্টির চেয়ারম্যান জি এম কাদের। গতকাল সোমবার সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।
জি এম কাদের বলেন, নাসির উদ্দিন মাহমুদ জাতীয় পার্টির গঠন প্রক্রিয়ার সময় থেকেই দলের সঙ্গে যুক্ত ছিলেন। তার সংস্রব দিনে দিনে বৃদ্ধি পেয়েছে দলে। মাঝখানে তিনি দলে তেমন একটা সক্রিয় ছিলেন না। নিজের ব্যবসা নিয়ে ব্যস্ত ছিলেন। তার সামাজিক গ্রহণযোগ্যতা, প্রতিপত্তি বিবেচনায় নিয়ে সবশেষ কাউন্সিলে (২০২০ সালে) তাকে প্রেসিডিয়ামের সদস্য করা হয়।
তিনি বলেন, নাসির উদ্দিন মাহমুদের বিরুদ্ধে যে অভিযোগ উঠেছে, আমরা অনেক সারপ্রাইজড।
আমরা দলীয়ভাবে এটা পর্যালোচনা ও আলোচনা করব। দলের ফোরামে আলোচনার পরই সিদ্ধান্ত নেওয়া হবে। তিনি যদি দোষী সাব্যস্ত হন, তাহলে দলীয় ব্যবস্থা নেওয়া হবে।
