আমাকে আগে থেকে না চিনেও দর্শকেরা প্রশংসা করছেন: প্রিয়মণি

আপডেট : ১৬ জুন ২০২১, ০২:৪৬ এএম

গত ঈদে মুক্তি পেয়েছে অনন্য মামুন পরিচালিত ‘কসাই’ সিনেমা। এই সিনেমায় অভিনয় করে আলোচনায় রয়েছেন নবাগত প্রিয়মণি। সাম্প্রতিক কাজ ও নানা বিষয়ে তিনি কথা বললেন দেশ রূপান্তরের সঙ্গে। সাক্ষাৎকার নিয়েছেন সুদীপ্ত সাইদ খান

সময় কেমন কাটছে?

সময় খুব ভালো কাটছে। পড়াশোনার পাশাপাশি টুকটাক কাজও করছি। বাকি সময়টুকু নিজের মতো কাটাচ্ছি।

কাজের কি খবর?

এই মাসেই নতুন কাজ শুরু হবে। বেশ কয়েকটা সিনেমায় কাজের ব্যাপারে কথাবার্তা হয়েছে। সাইন হয়নি এখনো। সাইন হলে জানাতে পারব।

‘কসাই’ সিনেমায় অভিনয় করে কেমন রেসপন্স পাচ্ছেন?

কসাইয়ে’ অভিনয় করে খুব ভালো রেসপন্স পাচ্ছি। আমি নতুন। আমাকে তেমন কেউ চেনেন না, তারপরও দর্শকেরা আমার অভিনয় দেখে প্রশংসা করছেন। এমন না যে মিডিয়ার কেউ লিখেছে। বেশিরভাগ দর্শকরাই আমাকে নিয়ে লিখছেন। চলচ্চিত্রের গ্রুপগুলোতে আপনারা চোখ রাখলেই দেখতে পারবেন। ফলে কসাই সিনেমায় অভিনয় করে বেশ ভালো সাড়া পাচ্ছি। আশা করছি, এইটা ভবিষ্যতেও ধরে রাখতে চাই।

image

কসাই’য়ে চরিত্র ফুটিয়ে তোলার জন্য কী ধরনের প্রস্তুত নিতে হয়েছিল?

আসলে কসাই সিনেমার চরিত্রটা খুবই চ্যালেঞ্জিং ছিল। আমি সিনেমা করেছি মাত্র দুইটা। এর মধ্যে এটা প্রথম ছবি যেটা মুক্তি পেল। আমার মতো যারা নতুন কাজ করছে, তাদের জন্য এ ধরনের চরিত্রে অভিনয় করা খুবই কষ্টসাধ্য। এ ধরনের চরিত্র তারাই করতে পারে যারা অভিনয় করতে করতে অভ্যস্ত। আমি একদমই অভ্যস্ত ছিলাম না, কারণ আমি নতুন একটা মেয়ে একদম ‘র’ একটা মেয়ে- ওইভাবে অভিনয়ের উপর কোনো প্রশিক্ষণও নিইনি। তো আমার চরিত্রটা ছিল সাত আট মাসের কনসিভ করা একটা গর্ভবতী মেয়ের চরিত্র। তার অনেক কষ্ট, প্রেগনেন্ট অবস্থায় হাঁটাহাঁটি করা, ওই ধরনের মেয়ের কষ্টটা ফুটিয়ে তোলা আমার জন্য খুবই কষ্টকর ছিল। চ্যালেঞ্জিং ছিল। তারপরও আমি ট্রাই করেছি। যাতে এটা ভালোভাবে ফুটিয়ে তোলা যায়। পরিচালক যখন আমাকে গল্পটা দেন তখন বাসায় এসে গর্ভবতী মেয়েদের  সম্পর্কে গুগলে সার্চ দিয়েছি। ইউটিউবে দেখার চেষ্টা করেছি তাদের হাঁটাচলা কেমন, কীভাবে তারা সবকিছু হ্যান্ডেল করে। তো এভাবেই প্রস্তুতিটা নিয়েছিলাম।

দর্শক হিসেবে সিনেমা দেখার পর কী নিজের অভিনয়ে সন্তুষ্ট হতে পেরেছেন?

আসলে নিজের সিনেমা দেখে নিজে তো বুঝতে পারি না। নিজে কেমন করেছি সেটা বলতে পারছি না, তবে আমি চেষ্টা করেছি আমি যেন আমার সর্বোচ্চটা দিতে পারি। তবে দর্শকের রিভিউ দেখে আমার মনে হয়েছে ভালো করেছি। আমার মনে হয়েছে আমি আরও ভালো করতে পারতাম।

image

আপনার আরেক সিনেমা ‘ভালোবাসার প্রজাপতির কি খবর?

এটা আমার প্রথম ছবি যেটার মাধ্যমে আমি চলচ্চিত্রের ক্যামেরার সামনে দাঁড়িয়েছি। এটার ৮০ ভাগ কাজ শেষ হয়েছে। দুই তিনটা সিন বাকি আছে যেগুলো করলেই আমার অংশের কাজ শেষ হবে আর একটা গান বাকি আছে। গানটা দেশের বাইরে করার কথা আছে। করোনা পরিস্থিতির কারণে বাইরে যাওয়া সম্ভব হচ্ছে না।

এই সিনেমায় আপনার চরিত্রটা কেমন? কী ধরনের গল্প দেখা যাবে?

‘ভালোবাসার প্রজাপতি’ আমার অভিনীত প্রথম ছবি। আমি উচ্চতায় লম্বা হওয়ায় এখানে বেশি গ্রহণযোগ্যতা পেয়েছি। গল্পটা একজন ফ্যাশন মডেলের । আমি এখানে একজন ফ্যাশন মডেলের চরিত্রে অভিনয় করেছি। এখানে আমার নায়ক শিপন মিত্র।

image

নায়িকা হওয়ার অনুভূতি কেমন?

আমি মুসলমান। ঈদের দিন আমার ছবি মুক্তি পায়। এটা আমার জন্য বড় আনন্দের। দর্শকদের প্রচুর সাড়া পেয়েছি। সব মিলিয়ে অনুভূতি অনেক ভালো।

মিস ওয়ার্ল্ড প্রতিযোগিতা থেকে সিনেমায় আসার গল্পটা কেমন ছিল…

আমার পরিবারের লক্ষ ছিল আমি পড়াশোনা শেষ করে  বিসিএস পরীক্ষা দেব। পুলিশ অফিসার হবো। তো এরই মধ্যে মিস ওয়ার্ল্ডে অংশ নেওয়া। সেখানে টপ টেনে জায়গা করে নিই। তারপর গত তিন বছর ধরে নিজের পড়াশোনা নিয়েই ব্যস্ত ছিলাম। মাঝে চ্যানেল আইয়ের একটা অনুষ্ঠানে অংশ নিতে গেলে পরিচালক রাজু আলীম আমাকে তার সিনেমার জন্য পছন্দ করেন। ভালো একটি প্রস্তাব যেহেতু তাই রাজি হয়ে যাই। পরে অনন্য মামুন ভাই আমাকে তার কসাই সিনেমার প্রস্তাব দেন। এভাবেই আসলে আমার জার্নিটা শুরু হলো। সবার কাছে দোয়া চাই যাতে এই জার্নিটা চালিয়ে যেতে পারি।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত