জেরুজালেমে কট্টরপন্থি ইহুদিদের পতাকা মিছিল

আপডেট : ১৬ জুন ২০২১, ১১:০৯ পিএম

ফিলিস্তিনের অধিকৃত জেরুজালেমে গত মঙ্গলবার বিকেলে পতাকা মিছিল করেছে ইসরায়েলের উগ্রপন্থি ইহুদিরা। নতুন করে উত্তেজনা ছড়ানোর আশঙ্কায় এর আগে মিছিলটির অনুমতি দিতে অস্বীকৃতি জানায় পুলিশ। তবে বিদায়ী প্রধানমন্ত্রী নেতানিয়াহুর সরকার শেষ মুহূর্তে এই মিছিলের অনুমতি দেয়। পরে নাফতালি বেনেটের নেতৃত্বাধীন নতুন সরকার এর অনুমতি দেয় বলে জানিয়েছে টাইমস অব ইন্ডিয়া।

পতাকা মিছিলের মধ্য দিয়ে ১৯৬৭ সালে ইসরায়েল কর্র্তৃক পূর্ব জেরুজালেম দখলের ঘটনা উদযাপন করে ইহুদিবাদী বিক্ষোভকারীরা। এ ধরনের বিক্ষোভকে উসকানিমূলক হিসেবে দেখে থাকে ফিলিস্তিনিরা। কেননা এসব কর্মসূচিতে সাধারণত ফিলিস্তিনিদের মৃত্যু কামনা করে স্লোগান দেওয়া হয়। বিক্ষোভ থেকে ফিলিস্তিনিদের বাড়িঘর ও দোকানপাটে হামলা চালানো হয়। তবে এদিনের মিছিলে এখনো পর্যন্ত বড় ধরনের কোনো সহিংসতার খবর পাওয়া যায়নি।

ফিলিস্তিনের প্রধানমন্ত্রী মোহাম্মদ শতায়্যে বলেন, ‘এটা আমাদের জনগণের জন্য উসকানি আর আমাদের জেরুজালেম এবং পবিত্র স্থানগুলোতে আগ্রাসন।’

উগ্রপন্থিদের পতাকা মিছিলের সমান্তরালে এদিন ফিলিস্তিনের ওপর ধরপাকড় চালায় দখলদার ইসরায়েলি বাহিনী। অন্তত ছয় ফিলিস্তিনিকে গ্রেপ্তার করা হয়। আরও কয়েকজনকে লাঞ্ছিত করা হয়।

×
সর্বশেষ সর্বাধিক পঠিত